ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে কর্মরত বাংলাদেশের নারী শ্রমিকদের সমস্যা দেখাশোনার জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে একজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার হোটেল শেরাটনে বাংলাদেশি অভিবাসী নারী শ্রমিকদের এইডস ঝুঁকি শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) তৈরি ওই প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশে কর্মরত নারী শ্রমিকদের অধিকাংশই শারীরিক নির্যাতনের পাশাপাশি নানা ধরনের সমস্যায় আছে।
মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশের বেশি সংখ্যক নারী শ্রমিক কাজ করের সেসব দেশে শিগগির একজন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, "ওই কর্মকর্তারা সংশ্লিষ্ট দেশগুলোতে কর্মরত নারী শ্রমিকদের শারীরিক ও যৌন নির্যাতনসহ সকল ধরনের সমস্যা দেখভাল করবে।"
বিদেশে কর্মরত বাংলাদেশের এক লাখ নারী শ্রমিকের অধিকাংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছে।
সরকার শ্রমিকদের বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবিলায় ইন্সুরেন্স পলিসি করার চিন্তা-ভাবনা করছে জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, বিদেশে শ্রমিক পাঠাচ্ছে এমন দেশগুলো মিলে একটি মানদণ্ড তৈরিরও চেষ্টা চালানো হচ্ছে। যাতে শ্রমিকরা প্রবাসের অপিরিচিত পরিবেশে ন্যূনতম নিরাপত্তাসহ সকল সুযোগ ভোগ করতে পারে।
এজন্য জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর সদস্যদের নিয়ে গঠিত একটি কমিটি কাজ শুরু করেছে বলে তিনি জানান।
ওকাপের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নারী শ্রমিকদের অধিকাংশই আরব অঞ্চলে বিশেষ করে মধ্যপ্রাচ্যে কাজ করে। তাদের ৮৫ শতাংশই নানা ধরনের শারীরিক নির্যাতনের শিকার হয়। বৈধ অভিবাসী শ্রমিকদের চেয়ে অবৈধ পথে বিদেশে পাড়ি দেওয়া নারী শ্রমিকরা বেশি নির্যাতনের ঝুঁকিতে রয়েছে।
"অবৈধভাবে যাওয়া শ্রমিকদের মধ্যে সচেতনতার অভাব থাকায় তারা সবচেয়ে বেশি এইডস ও এইচআইভিসহ সংক্রমিত রোগের ঝুঁকির মধ্যে থাকে।"
তবে কতজন অভিবাসী নারী শ্রমিক এইডস আক্রান্ত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি প্রকাশিত প্রতিবেদনে।
এতে বলা হয়, অভিবাসী নারী শ্রমিকদের ৮৫ শতাংশই কোনো না কোনোভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়। এর মধ্যে ২০ শতাংশ জোরপূর্বক যৌন নির্যাতনের শিকার হয়। ২০ শতাংশ শ্রমিক নিজেরাই নানা ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ায় পরবর্তীতে নির্যাতিত হয়।
নারী শ্রমিকদের বেতন কম দেওয়া, ছুটি না দেওয়া, দীর্ঘ সময় খাটানো, খেতে কম দেওয়াসহ প্রতিনিয়ত আরো বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে অভিবাসী শ্রমিকদের এইডস ও স্বাস্থ্য ঝুঁকিসহ অন্যান্য সমস্যা মোকাবিলায় সরকারকে আরো সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও অবৈধপথে শ্রমিক পাচার বন্ধের চেষ্টা চালানোর সুপারিশ করা হয়।
অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইলিয়াস আহমেদ, ইউএনডিপির আবাসিক পরিচালক স্টিফেন প্রিজনার, ওকাপ চেয়ারম্যান সাকিলুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এমআই/১৯২৯ ঘ.
bdnews24