সুনামগঞ্জ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ জেলা বিএনপির আগামীকালের সম্মেলন নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে।
বুধবার শহরের শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে একপক্ষ এবং জেলা স্টেডিয়ামে অপরপক্ষ সম্মেলন করার ঘোষণা দিয়েছে।
আবুল হোসেন মিলনায়তনে ডাকা সম্মেলনকে অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে তার ওপর নিষেধাজ্ঞা চেয়ে প্রতিপক্ষ গ্র"প মঙ্গলবার সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করেছে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতা নুরুল হক আফিন্দি ও ওয়ালি উল্লাহ সরকার মামলাটি করেন।
মামলায় বিএনপির কেন্দ্রীয় মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক আসপিয়া, যুগ্ম আহবায়ক ডা. রফিক চৌধুকে বিবাদী করা হয়েছে।
বিচারক উৎপল চৌধুরী কেন সম্মেলনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না তার কারণ জানাতে বলেছেন।
ফজলুল হক আসপিয়া ও রফিক চৌধুরীকে বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে আদালতে হাজির হয়ে কারণ জানাতে হবে।
রফিক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি কিংবা আমাদের আহবায়ক এ (মামলার) বিষয়ে কোনো কিছু জানি না। আদালতের কোনো কাগজপত্রও আমরা পাইনি।"
তিনি জানান, তাদের সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং তা যথাসময়েই অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির য্গ্মু-আহবায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, "জেলা আহবায়ক তার কিছু গৃহপালিত লোক নিয়ে বিএনপির কমিটি করার পাঁয়তারা চালাচ্ছেন। অনেক উপজেলা কমিটি নিয়ে বির্তক রয়েছে।
"জেলা সম্মেলনে কাউন্সিলর কারা হবে এখনো ঠিক হয়নি। তারপরও তিনি কাউকে না জানিয়ে একাই সম্মেলনের দিনক্ষণ ঠিক করেছেন। তাই আমরা বাধ্য হয়ে দলের ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে পৃথক সম্মেলনের ডাক দিয়েছি।"
তবে সকল উপজেলায় গঠনতান্ত্রিকভাবে কমিটি করা হয়েছে দাবি করে ফজলুল হক আসপিয়া বলেন, "বুধবার ১৬টি ইউনিটের এক হাজার ১৩৬ জন কাউন্সিলর নিয়েই সম্মেলন হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24