২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নরসিংদী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে নরসিংদী সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পালবাড়ীতে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। ঢাকা-সিলেট মহাসড়কের শেখের চর বাজার এলাকায় ট্রাক চাপায় মারা গেছেন একজন। এছাড়া নরসিংদীর শিবপুর উপজেলার আমতলী নামক স্থানে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, সকাল সাড়ে ৮টার দিকে পালবাড়ীতে ঢাকা থেকে নরসিংদীগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোচালক হৃদয় মিয়া (৩০) ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে আছেন- বাসচালক আব্দুল জলিল মিয়া (৩৫), বাসযাত্রী কফিল উদ্দিন (৩০), মনু মিয়া (৪০), আব্দুর রহমান (৪০), আমিন হোসেন (৩৬), লিটন মিয়া (৪০)। এদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই আলিম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ মাইক্রোবাস ও বাস আটক করছে। এ ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানান। সদর থানার আরেক এসআই শওকত হোসেন জানান, ঢাকা-সিলেট মহাসড়কের শেখের চর বাজার এলাকায় ট্রাক চাপায় মারা গেছেন একজন। রাস্তা পার হওয়ার সময় লোকটি দুর্ঘটনার শিকার হন। তবে তার নাম জানা যায়নি। লাশ উদ্ধার করে পুলিশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস দুপুর ১টায় উপজেলার আমতলী পৌঁছালে বিপরীত দিক থেকে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। এসআই মনির জানান, বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে গাড়ি দুটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় শিবপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমইউএস/এমএসবি/১৬১৩ ঘ.