ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফসল কাটা থেকে ঘরে তোলা পর্যন্ত বিভিন্ন ধাপে ক্ষতির কমানো গেলে প্রতি বছর বিপুল শস্য নষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। এছাড়া প্রযুক্তির সহায়তা নিলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি শস্য ঘাটতি কমবে বলে মত দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা।
সোমবার সিরডাপ মিলনায়তনে 'কৃষি শস্যের ফসল কাটা পরবর্তী ক্ষতি হ্রাস' শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধনকালে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ হোসেন খান বাংলাদেশে ফসল কাটার ব্যবস্থাপনা সন্তোষজনক নয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, দেশে শস্য উৎপাদনের জন্য যতোটা মনোযোগ দেওয়া হয়, ফসল তোলা পরবর্তী ধাপগুলোতে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। এতে দেশে উৎপাদিত খাদ্যশস্যের ১৫ শতাংশই নষ্ট এবং কোনো কোনো ক্ষেত্রে ৪০ শতাংশ পর্যন্ত ফলমূল ও শাকসবজি নষ্ট হয়।
সিরডাপের মহাপরিচালক দুর্গা পি পাদুয়াল বলেন, বিশ্বে ফসল কাটা, পরিষ্কার ও সংরক্ষণ থেকে প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত কয়েকটি ধাপে ৩০ থেকে ৫০ শতাংশ শস্য নষ্ট হয়। এতে একদিকে কৃষক ও ব্যবসায়ীরা যেমন লাভ থেকে বঞ্চিত হয় তেমনি খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিআরআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিএইচটি বিভাগ) এসএম মাহফুজুর রহমান বলেন, ফসল তোলার সময় শস্য বিনষ্টের হার অর্ধেক কমানো গেলে দেশে প্রতিবছর ৮৪ হাজার ৩০০ টন অতিরিক্ত ধান পাওয়া যাবে।
তিনি বলেন, মাড়াইয়ের সময় নষ্ট হওয়া অর্ধেক কমানো গেলে প্রতি বছর দুই লাখ টন ধান বাঁচবে এবং কৃষকদের অতিরিক্ত ৬২ লাখ ৬১ হাজার টাকা লাভ হবে।
মাহফুজার রহমান ধানের তুষ থেকে তেল উৎপাদন করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দেশে প্রতি বছর সাত দশমিক ২৭ লাখ টন তুষ থেকে ৩৪৪ কোটি টাকার তিন হাজার টন জ্বালানি তেল উৎপাদন সম্ভব।
এর পক্ষে তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন তিনি।
বাংলাদেশ কোয়ালিটি সাপোর্ট পোগ্রামের (বিকিউএসপি) বিশেষজ্ঞ ড. মো. শাহজাহান কৃষকদের প্রযুক্তিগত ও কারিগরী সহায়তা নেওয়ার পাশাপাশি স্থানীয় ভিত্তিতে কৃষিজাত শিল্প কারখানা গড়ে তোলার তাগিদ দেন। এতে ফসল তোলার পরের ক্ষতি অনেক কমবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিকে বালা'র সভাপতিত্বে এ কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন সিরডাপের পরিচালক হোসেন সাহবাজ, বিএআরই'র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মিয়ারুদ্দিন ও প্রকৌশলী গোলাম ফেরদৌস চৌধুরী এবং বিআরআরআই'র বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল কাশেম ও মুহাম্মদ আলী সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এইচএ/২৩১০ ঘ.
bdnews24