২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর সমাধিতে কাদের সিদ্দিকীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হওয়ার পর দেশ থেকে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি পঁচাত্তর শতাংশ বন্ধ হয়ে যাবে। কেউ আর এমন অপরাধ করার সাহস দেখাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 04:29 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর হওয়ার পর দেশ থেকে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি পঁচাত্তর শতাংশ বন্ধ হয়ে যাবে। কেউ আর এমন অপরাধ করার সাহস দেখাবে না। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে সোমবার বিকালে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী এ কথা বলেন। বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে নিজের ও তার পরিবারের জীবন তছনছ হয়ে গেছে- দাবি করে কাদের সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর পিতা ও তার আত্মীয় স্বজনদের হত্যার আংশিক বিচার হয়েছে। কিন্তু বাংলাদেশের পিতা ও রাজনৈতিক বঙ্গবন্ধুর বিচার হয়নি। এ সময় তার সঙ্গে ছিলেন- স্ত্রী নাসরিন সিদ্দিকী, ছেলে দ্বীপ, মেয়ে কুশি ও কুড়ি, দলের নেতা হাবিবুর রহমান তালুকদার, কামাল উদ্দিন আহম্মেদ। তারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত শেষে মোনাজাত করেন। কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর কবরের পাশে বসে দু'হাত তুলে মোনাজাত করেন এবং কাঁদেন। পরে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালা জিন্নাতুননেছার সঙ্গে দেখা করে কিছু সময় কাটান এবং তার খোঁজখবর নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৬ ঘ.