২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারা কর্তৃপক্ষ বেআইনি কিছু করেনি : আনিসুল হক

বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা করবেন কিনা তা জিজ্ঞাসা করে কারা কর্তৃপক্ষ বেআইনি কিছু করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষা করবেন কিনা তা জিজ্ঞাসা করে কারা কর্তৃপক্ষ বেআইনি কিছু করেনি। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিজস্ব চেম্বারে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। আনিসুল হক বলেন, কারাবিধির ৯৯১ বিধি অনুযায়ী রায়ের আদেশের কপি যাওয়ার পর কারা কর্তৃপক্ষের অন্যতম কাজ হলো দণ্ডিতদের জিজ্ঞাসা করা যে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা। তিনি বলেন, "(প্রাণভিক্ষা করবে কিনা) একথা জিজ্ঞাসা করে কারা কর্তৃপক্ষ বেআইনি কিছু করেনি।" প্রধান কৌঁসুলি বলেন, দণ্ডিতদের দিয়ে মার্সি পিটিশন চাওয়ানোর কথা ভ্রান্ত। এ মামলার দন্ডপ্রাপ্ত সুলতানা শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আবদুর রেজ্জাক খান সাংবাদিকদের বলেছেন, রিভিউ নিষ্পত্তির আগে দণ্ডিতদের দিয়ে রাষ্ট্রপতির কাছে যে মার্সি পিটিশন চাওয়ানো হচ্ছে তা বেআইনি। আনিসুল হক আরো বলেন, ৯৯১ বিধিতে রয়েছে, যদি অন্য কোন উদ্যোগ নেওয়া হয় তখন কারা কর্তৃপক্ষ তারা যে মন্ত্রণালয়ের অধীন সেই মন্ত্রণালয়ে যোগাযোগ করবে। মন্ত্রণালয় থেকে জবাব না আসা পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত থাকবে। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রিভিউ আবেদন আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া তাদের ফাঁসি কার্যকর স্থগিত রাখতে হবে। আনিসুল হক বলেন, "রিভিউ আবেদন দায়ের করার কথা দণ্ডিতদের পক্ষে জানিয়ে দেওয়া হলে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকার কথা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২১৩২ঘ.