ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুরে সন্ত্রাসীদের গুলিতে ওমর আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার বিকাল পৌনে ৫টার দিকে ওয়ারির ২৯/১ লারমিনি স্ট্রিটের সোহেল ব্রাদার্স নামে বাইন্ডিং প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
দোকান মালিকের ছেলে সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা দোকানের দরজায় কড়া নাড়লে ওমর আলী দরজা খুলে দিতে যান। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ওমর মারা যান।
সূত্রাপুর থানার ওসি আব্দুল হানিফ জানান, খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসকে/২১১৪ঘ.
bdnews24