২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবরকে জেলগেটেই জিজ্ঞাসাবাদ করতে হবে: আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের হাইকোর্ট আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 12:39 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের হাইকোর্ট আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে এ আদেশ দেয়। গত ২৮ অক্টোবর হাইকোর্ট এই মামলায় বাবরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এর পরদিন ২৯ অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের এ আদেশ স্থগিত করে। বাবরের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। সহায়তা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ব্যারিস্টার খোকন আদেশের পর সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে বাবরকে এ মামলায় জিজ্ঞাসাবাদ করতে হলে তা করতে হবে কারাগারের গেটে। আব্বাসের মামলা খারিজের রায় বহাল এদিকে আপিল বিভাগের একই বেঞ্চ সাবেক পূর্তমন্ত্রী বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের একটি মামলা খারিজের হাইকোর্টের রায় বহাল রেখেছে। রায়ের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল আবেদন আদালত খারিজ করে দিয়েছে। গত ২২ জুলাই হাইকোর্ট মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা এ মামলা খারিজ করে দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সময় ২০০৭ সালের ২৪ ফেব্র"য়ারি রাজধানীর মতিঝিল থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় তার বিরুদ্ধে অবৈধভাবে ৫ হাজার ২শ' মার্কিন ডলার রাখার অভিযোগ আনা হয়। মির্জা আব্বাসের পক্ষে আপিল বিভাগে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিক-উল-হক। সরকার পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৮৩১ঘ.