গাইবান্ধা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে করা একটি মামলা রোববার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্লাপুর থানায় নথিভুক্ত করা হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় বাবাকে ধরে নিয়ে গুম করার অভিযোগে সুন্দরগঞ্জ উপজেলার বিশ্বাস হলদিয়া গ্রামের মো. শাহজাদা গত ৫ নভেম্বর গাইবান্ধার বিচার বিভাগীয় হাকিম ফরহাদ মামুনের আদালতে মামলাটি করেন।
আদালতের আদেশ হাতে পাওয়ার পর রোববার সন্ধ্যায় মামলাটি নভিভুক্ত করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম মিজানুর রহমান।
তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও এসআই মিজান জানান।
আসামিরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের পচারবাজার গ্রামের আব্দুল বাকী (৭০), সুন্দরগঞ্জ উপজেলার বিশ্বাস হলদিয়া গ্রামের লুৎফর রহমান (৭৫), একই গ্রামের আলম ওরফে সারোয়ার (৫৫) ও অজ্ঞাতনামা আরো ১০ জন।
এজাহারের বরাত দিয়ে সাদুল্লাপুর থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করায় ১৯৭১ এর ১২ ডিসেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া বাজারে শাহজাদার বাবা আব্দুল জলিলকে আটক করে রাজাকাররা।
স্থানীয় রাজাকার কমান্ডার আব্দুল বাকীর নেতৃত্বে ১৩/১৪ জনের একটি দল তাকে সারারাত ওই বাজারের এক পাটের গুদামে বেঁধে রাখে। ১৩ ডিসেম্বর তাকে গাইবান্ধায় পাকিস্তানি হানদার বাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। এখনো পর্যন্ত জলিলকে জীবিত বা তার লাশ পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৬ ঘ.
bdnews24