ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খনি সৈয়দ ফারুক রহমানের সঙ্গে সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার স্বজনরা।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ফারুক রহমানের মা, বোন ও ভগ্নিপতি কারাগারের ভেতরে কনডেম সেলে গিয়ে তার সঙ্গে দেখা করেন।
ফারুকের স্বজনেরা প্রায় আধাঘণ্টা সেখানে ছিলেন।
একদিন আগে বজলুল হুদা, একেএম মহিউদ্দিন (ল্যান্সার) ও সুলতান শাহরিয়ার রশিদ খানের স্বজনরা তাদের সঙ্গে দেখা করেন। তবে মহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) কোনো স্বজন এখনো তার সঙ্গে দেখা করতে যাননি।
গত ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলায় এ পাঁচজনের আপিল খারিজ হয়ে যাওয়ার পর কারা কর্তৃপক্ষ ওই দিনই তাদের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত জানিয়ে দেয়।
তাদের আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের রায়ের কপি পাওয়ার পর তারা রিভিউ আবেদন করবেন। রিভিউ নাকচ হলে তাদের শেষ সুযোগ থাকবে, ক্ষমার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা।
তবে রিভিও খারিজ হলে এবং রাষ্ট্রপতির ক্ষমা না পেলে দেড় মাসের মধ্যে দণ্ড কার্যকর করা যাবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ছয়জন বিদেশে পালিয়ে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/১৭১০ ঘ.
bdnews24