২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিন সাধারণ ছুটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ সাধারণ ছুটি রেখে ২০১০ সালের ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 10:13 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ সাধারণ ছুটি রেখে ২০১০ সালের ছুটির তালিকা চূড়ান্ত করেছে সরকার। মন্ত্রিসভার সোমবারের বৈঠকে ছুটির তালিকার পাশাপাশি 'মৎস্য হ্যাচারি আইন ২০০৯' এবং 'ইপিজেড শ্রমিক কল্যাণ সংঘ ও শিল্প সর্ম্পর্ক (সংশোধন) আইন ২০০৯'ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, ২০১০ সালের জন্য অনুমোদিত ছুটির তালিকায় সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি আট দিন। এর আগের আওয়ামী লীগ আমলে বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হতো। ২০১০ সালে ১৪ দিন সাধারণ ছুটি থাকলেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জন্মাষ্টমী একই দিনে পড়েছে। সে ক্ষেত্রে ছুটি কার্যত ১৩ দিন হবে। মন্ত্রিসভা মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের চাকরি হতে অবসর গ্রহণের বয়স বৃদ্ধি করতে 'পাবলিক সার্ভিস অ্যাক্ট' সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। 'বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ১৯৮০' সংশোধনেরও নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রেসসচিব জানান, মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন যুব/যুব মহিলাদের জাতি গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণের মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার ৫ এর ১২(৩) ধারায় উপজেলা সমন্বয় কমিটিতে উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যানকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আলোচ্যসূচিতে থাকলেও 'বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) ২০০৯' তা প্রত্যাহার করার হয়। এছাড়া 'বাংলাদেশে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস' এর স্থায়ী প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার প্রস্তাব ফেরত পাঠানো হয়েছে। আবুল কালাম জানান, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার পাওয়ায় সভায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায়ে সন্তোষ প্রকাশ করেছে মন্ত্রিসভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৬০০ ঘ.