২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'টেশিসকে 'ইলেকট্রনিক্স জোন' করা হবে'

টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) গতিশীল করে তুলে একে একটি 'ইলেকট্রনিক্স জোনে' পরিণত করা হবে বলে জানিয়েছেন ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

গাজীপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) গতিশীল করে তুলে একে একটি 'ইলেকট্রনিক্স জোনে' পরিণত করা হবে বলে জানিয়েছেন ডাক তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। আগামী ২০১০ সালের মধ্যে টেশিসকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে উল্লেখ করে তিনি বলেন, "টেলিযোগাযোগের সব যন্ত্রপাতি এখন থেকে দেশেই উৎপাদন করা হবে। ধীরে ধীরে আমদানি কমিয়ে এনে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করা হবে।" রোববার দুপুরে গাজীপুরের টঙ্গীতে টেশিস কার্যালয়ে বৈঠক শেষে কমিটি সভাপতি ইনু গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। এখন থেকে দেশীয় শিল্প উন্নয়নে সংযোগ শিল্পের বদলে উৎপাদনশীল শিল্প গড়ে তোলা হবে জানিয়ে ইনু বলেন, "আগামী এপ্রিল থেকে টেশিস পুরো উৎপাদনে ফিরে যাবে। এখানে ল্যান্ডফোন ছাড়াও মোবাইলফোন সেট, সিমকার্ড, ব্যাটারি ও চার্জার তৈরি করা হবে। এছাড়া বৈদ্যুতিক মিটার, সোলার পাওয়ার, স্ট্রিট লাইন ও টাওয়ার তৈরি হবে।" টেশিসে পর্যায়ক্রমে ল্যাপটপসহ আরো ইলেকট্রনিক যন্ত্রপাতি উৎপাদন করা হবে বলেও জানান স্থায়ী কমিটি সভাপতি। আগামী ২১ ফেব্র"য়ারির মধ্যে ইন্টারনেটে বাংলা ডোমেইন চালুর ব্যবস্থা নিতে এখনই সরকারিভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে স্থায়ী কমিটি। অন্যদের মধ্যে সাংসদ আ.স.ম ফিরোজ, মোয়াজ্জেম হোসেন রতন, সোলায়মান হক জোয়ার্দার, নজরুল ইসলাম বাবু, খালিদ মাহমুদ চৌধুরি ও গোলাম মোস্তফা এবং বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউদ্দিন আহম্মেদ ও টেশিস বোর্ড চেয়ারম্যান টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসকে/২৩৩১ঘ.