ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সরকারের ভেতরের সরকারের' ষড়যন্ত্রের কারণে যমুনা টেলিভশনের সমপ্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল।
শুক্রবার রাজধানীর প্রগতী সরণিতে যমুনা টেলিভিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নুরুল ইসলাম বাবুল দাবি করেন, ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশন সরকারের কাছ থেকে টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট সম্প্রচারের অনাপত্তিপত্র পায়। কিন্তু ওই সরকারের সঙ্গে মতের মিল না হওয়ায় ২০০৪ সালের ১০ মার্চ তা আবার বাতিল করা হয়।
পরে আইনি লড়াইয়ে যমুনা টেলিভিশনের জয় হয় উল্লেখ করে যমুনা গ্রুপের চেয়ারম্যান বলেন, "সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী গত বছরের ২০ নভেম্বর যমুনা টিভিকে ফ্রিকোয়েন্সি বরাদ্দ ও যন্ত্রপাতি আমদানির অনুমতি দেওয়া হয়। এ অনুমতি পাওয়ার দিন থেকে এক বছরের মধ্যে সমপ্রচার শুরুর শর্তানুযায়ী ১৫ অক্টোবর থেকে আমরা পরীক্ষামূলক সমপ্রচার শুরু করি। কিন্তু এরই মধ্যে ১৯ নভেম্বর বিকেলে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ফ্যাক্স বার্তায় বলা হয়, গত ৮ অক্টোবর যমুনার পক্ষ থেকে যে 'অনাপত্তিপত্রের আবেদন' করা হয়েছে তা বিবেচনাধীন থাকায় যমুনা টিভির পরীক্ষামূলক সমপ্রচার শুরু আইনসম্মত হয়নি।
ওই চিঠিতে সমপ্রচার বন্ধ রাখারও অনুরোধ করা হয়।
কিন্তু যমুনা টিভির পক্ষ থেকে পুনঃঅনাপত্তি পত্রের জন্য কোনো আবেদনই করা হয়নি দাবি করে বাবুল বলেন, "এটা ষড়যন্ত্রকারীদের মেকানিজম।"
তিনি বলেন, কোনো সময় না দিয়ে ফ্যাক্স বার্তা পাঠানোর কয়েক ঘন্টার মাথায় রাত সাড়ে ১০ টার দিকে বিটিআরসির কয়েকজন কর্মকর্তা পুলিশ নিয়ে এসে কর্মীদের মারধর, সরঞ্জাম তছনছ ও কিছু সরঞ্জাম জব্দ করে সম্প্রচারের অনুপযোগী করে দেয়। তারা একটি কক্ষও (লিংক রুম) সিলগালা করে দেয়।
'সরকারের ভেতরের সরকার' এসব ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, "আমার বিশ্বাস প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতনরা বিষয়টি এখনও জানেন না।"
এ নিয়ে আবারও আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে বলে জানান যমুনার চেয়ারম্যান।
বিষয়টি বিবেচনার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও অনুরোধ জানান।
অনাপত্তিপত্র না থাকার কারণ দেখিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে পুলিশ ও বিটিআরসি কর্মকর্তারা যমুনা টিভির প্রগতি সরণির কার্যালয়ে গিয়ে সমপ্রচার বন্ধ করে দেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।
এদিকে বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তথ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি না থাকায় মন্ত্রণালয় আমাদের এবং যমুনা টিভি উভয়কে বিষয়টি জানায়। যমুনা টিভি অনুমতি ছাড়া পরীক্ষামূলক সমপ্রচার অব্যাহত রাখায় বিটিআরসিকে তাদের ফ্রিকোয়েন্সি বাতিল করতে বলা হয়। আমরা সন্ধ্যা থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেই।"
চেয়ারম্যান বলেন, আগে লাইসেন্স বাতিলের পর যমুনা টিভি পুনঃঅনুমতির জন্য আবেদন করেছিল। কিন্তু পুনঃঅনুমতি না পেয়েই তারা সমপ্রচার চালিয়ে যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২৩১৬ ঘ.
bdnews24