ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মধ্য বাড্ডায় বুধবার সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থক এই যুবক স্থানীয়ভাবে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। (আরো তথ্যসহ)
নাজিম বেলা সোয়া ১২টার দিকে ৮৮/১ মধ্য বাড্ডার বাসা থেকে বের হয়ে মধ্য বাড্ডা লিংক রোডের জমিদার বাড়ির মোড়ে পৌঁছলে কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গুলিতে উজ্জ্বল (২৮) নামে অপর একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চার-পাঁচজন সন্ত্রাসী নাজিম ও উজ্জ্বলকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের সহকারি কমিশনার নূরুল আলম বলেন, নাজিম স্থানীয় আওয়ামী লীগ সমর্থক। স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তার ঊঠাবসা রয়েছে।
তিনি জানান, তার নিজের কোনো ঠিকাদারি লাইসেন্স না থাকলেও অন্যের লাইসেন্স দিয়ে সে কাজ করে। মূলত সে তিতাস গ্যাসের কাজ করে থাকে।
এখনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান নূরুল আলম।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তার মধ্যেই বাড্ডায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এইচএ/২১০৬ ঘ.
bdnews24