২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম উড়াল সড়ক নির্মাণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান বৃহস্পতিবার

দেশের প্রথম উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেস ওয়ে) নির্মাণে প্রাক-যোগ্যতা যাচাইয়ের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেস ওয়ে) নির্মাণে প্রাক-যোগ্যতা যাচাইয়ের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে বৃহস্পতিবার। এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ ইতোমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত করেছে। এটি হবে সরকারি ও বেসরকারি অংশগ্রহণের (পিপিপি) ভিত্তিতে এবং অনলাইনে বাংলাদেশের প্রথম দরপত্র। বৃহস্পতিবার বিভিন্ন সংবাদপত্র এবং সেতু বিভাগের নিজস্ব ওয়েবসাইটে এ দরপত্রটি আহ্বান করা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী এবং জনসংযোগ কর্মকর্তা ভরৎ চন্দ্র মণ্ডল। এ ব্যাপারে ভরৎ চন্দ্র মণ্ডল বুধবার জানান, উড়াল সড়ক নির্মাণের শর্তাবলীসহ যাবতীয় প্রস্তুত করে সেতু বিভাগ বর্তমানে দরপত্র প্রকাশের পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার দরপত্রটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হবে। একইসঙ্গে বর্তমান সরকারের ঘোষিত নীতি অনুযায়ী প্রথমবারের মতো তা অনলাইনে প্রকাশ করা হবে। তিনি আরো জানান, দরপত্রে অংশগ্রহণকারীরা সেতু বিভাগ থেকে বিনামূল্যে শিডিউল সংগ্রহ করতে পারবেন। অনলাইনেও তা সংগ্রহ করা যাবে। সেতু বিভাগের নিজস্ব ওয়েবসাইট (www.bba.gov.bd)-এ দরপত্র শিডিউল পাওয়া যাবে। নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী জানান, এ দরপত্রের মাধ্যমে সরকার এ প্রকল্পের বিনিয়োগের জন্য প্রতিষ্ঠান নির্বাচনে প্রাক-যোগ্যতা যাচাই করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫৭ঘ.