২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাতকে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে বুধবার ওই সড়ক চারঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

সুনামগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে বুধবার ওই সড়ক চারঘণ্টা অবরোধ করেছে এলাকাবাসী। ছাতক উন্নয়ন পরিষদের উদ্যোগে এ অবরোধ দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। এ সময় ছাতকের সঙ্গে সকল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উন্নয়ন পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট ও ছাতক বাসস্ট্যান্ড পর্যন্ত যানবাহন চলাচল চারঘণ্টা অবরোধ করা হয়। সংস্কার কাজ না করলে পরবর্তীতে আবারও কর্মসূচি দেওয়া হবে। অবরোধের ফলে এ সড়কে যাতায়াতকারী শত শত যানবাহন আটকা পড়ে বলে স্থানীয় সাংবাদিক আক্তারুজ্জামান জানান। ছাতক থানার উপ-পরিদর্শক নাসিরুল হক বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে গোবিন্দগঞ্জ ও ছাতক বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ মোতায়েন করা ছিল। সুনামগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, এ সড়কের ১৩ কিলোমিটার সংস্কারের জন্য পাঁচ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ মাসেই দরপত্র আহ্বান করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.