ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএপির সাত নেতা।
বুধরার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে দীর্ঘ এক রুদ্ধদ্বার বৈঠক শেষে দলের যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা জানান। (বিস্তারিত আসছে)
দুই নেতাই বিবদমান দুই গ্র"পের সংর্ষষে চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলনে পণ্ড হওয়ার ঘটনাকে 'অবাঞ্ছিত ও অনাকাঙ্খিত' বলে অভিহিত করেন। ওই ঘটনার জন্য দলের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ মহাসচিবের কাছে দুঃখ প্রকাশও করেন।
অবশ্য বৈঠকের পর খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির বিরোধ নিষ্পত্তিতে বিবদমান দুই পক্ষের ৭ নেতার সঙ্গে বৈঠকে বসেন খোন্দকার দেলোয়ার।
আমীর খসরু ও নোমান সমর্থকদের সংঘর্ষে সোমবার চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মেলন পণ্ড হয়ে যায়। এর পর দলের চেয়ারপারসন খালেদা জিয়া দুই পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য মহাসচিবকে দায়িত্ব দেন।
দুপুর ১টায় শুরু হয়ে বৈঠকটি টানা চার ঘন্টার বেশী সময় ধরে চলে। প্রথম দফায় সবাইকে নিয়ে বৈঠক করেন মহাসচিব। পরে আমীর খসরু মাহমদু চৌধুরী ও আবদুল্লাহ আল নোমানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি।
বৈঠকে চট্টগ্রাম মহানগর বিএনপির ৭ নেতাকে ডাকা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সৈয়দ ওয়াহিদুল আলম। তারা হচ্ছেন- মহানগর আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের সহসভাপতি এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান, কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওয়াহিদুল আালম, শামসুল আলম ও শাহাদাত হোসেন।
তবে ব্যস্ততার জন্য এম মোরশেদ খান বৈঠকে অনুপস্থিত ছিলেন। বৈঠকে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম দস্তগীর চৌধুরীও উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন,"সেদিনের ঘটনাটি অনাকাঙ্খিত। বিষয়গুলো কীভাবে হয়েছে- তা মহাসচিব জানতে চেয়েছেন। আমরা তাকে বিস্তারিত বলেছি।''
এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বাইরের ইন্ধনে কাউন্সিল ভন্ডুল হয়েছে বলে আমরা ধারণা করছি। এ বিষয়টি খতিয়ে দেখতে হবে। যে ঘটনাটি ঘটেছে, তা বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মনে পীড়া দিয়েছে। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্যই তা আমাদেরকে দেখতে হবে।''
তিনি জানান, নতুন করে সম্মেলনের সুযোগ নেই। কাউন্সিল হয়ে গেছে। এখন কমিটিতে যাতে সবাই স্থান পায় সে বিষয়ে গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্র পদক্ষেপ নেবে। এটাই আমরা মহাসচিবকে বলেছি।''
আবদুল্লাহ আল নোমান ওই ঘটনাকে 'অবাঞ্ছিত' বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ''বিএনপির মতো বড় দলের কাউন্সিলে ব্যাপক নেতা-কর্মীর সমাবেশ হবে এটাই স্বাভাবিক। চট্টগ্রাম মহানগর কাউন্সিলের দিন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে স্থান সংকুলান হচ্ছিল না। কিন্তু সেখানে চেয়ার ছোড়াছুড়ির যে ঘটনা ঘটেছে, তাতে আমাদের নেতা-কর্মীরা নয়, তৃতীয় কোনো শক্তির সম্পৃক্ততা রয়েছে বলে আমরা মনে করি। এটা খতিয়ে দেখতে হবে। আমাদের মহাসচিব আগে থেকেই বলছেন, বিএনপির কাউন্সিল যাতে সুষ্ঠুভাবে না হয়, সেজন্য সরকার ষড়যন্ত্র করছে।''
নোমান জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী যাতে কমিটিতে পরীক্ষিত নেতারা মূল্যায়ন পান, সে বিষয়টি বিবেচনা করতে আমরা মহাসচিবকে অনুরোধ করেছি।
চট্টগ্রাম আহ্বায়ক কমিটি ১/১১ এর পর নেতা-কর্মী ও দলের পুরনো পরীক্ষিত নেতাদের মূল্যায়নে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন নোমান। তিনি বলেন, "আমরা চাই নতুন কমিটিতে পরীক্ষিত নেতারা নেতৃত্বে আসুক। চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে আমি যুক্ত নই। আমি জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৮২৯ ঘ.
bdnews24