গাজীপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের কোণাবাড়ির আমবাগ এলাকায় বুধবার সকালে আগুনে সাতটি ঘর পুড়ে গেছে।
গাজীপুর দমকলের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, সকাল ১১টার দিকে এলাকার মোফাজ্জল হোসেনের বস্তিতে আগুন ধরে। এতে সাতটি টিনশেড ঘর পুড়ে যায়।
বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান। দমকল কর্মীরা যাওয়ার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সদরের মনিপুর বাজারে এনার্জি প্যাক নামের একটি তৈরি পোশাক কারখানার ঝুটের গুদামে আগুন লাগে। এতে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে।
সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে বলে দমকল কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24