ফরিদপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরতলীর সাদীপুর এলাকায় বুধবার সকালে এক মাদকাসক্তের কুড়ালের আঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে।
নিহত চায়না বেগম (৪৫) সাদীপুরের খালেক ফকিরের মেয়ে। তিনি বাবার বাড়িতে থাকতেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চায়না বাড়ির উঠানে বসে মাছ কাটছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী আউয়ালের মাদকাসক্ত ছেলে শাহীন সেখানে গিয়ে তার কাছে নেশাদ্রব্য কেনার টাকা চায়।
টাকা না পেয়ে শাহীন কুড়াল দিয়ে চায়নার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর থেকে শাহীন পলাতক রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24