শরীয়তপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরা উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত মারা গেছে।
মঙ্গলবার ভোররাতে ঢোন বোয়ালিয়া গ্রামে ডাকাতি করে যাওয়ার সময় এলাকাবাসী পাঁচজনকে আটক করে পেটায়। সকালে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিরণ মিয়া নামে একজন মারা যায়।
গুরুতর আহত আরেকজনকে পুলিশ পাহারায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি। বাকি তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
জাজিরা থানার উপপরিদর্শক আবুল খায়ের সিকাদর ও সেলিনা বেগম বলেন, রাত ৪টার দিকে গ্রামের তপন হাওলাদারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তারা ওই বাড়ির সোনামিয়া (৪৫), তপন হাওলাদার (৪০), দিলু হাওলাদার (৩০)- এই তিনভাই ও তাদের মা আয়মন্নেসাকে (৬০) মারধর করে।
এরপর আলমারীর চাবি নিয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেট, ঘড়ি ও নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে।
পুলিশ কর্মকর্তা বলেন, ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামের লোকজন এসে তাদের ধরে ফেলে।
থানা হেফাজতে থাকা তিনজন হলেন- জাজিরা উপজেলার ইব্রাহিম বেপারী (২৫), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বাবুল কাজী (৪০) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুন মাতবর (৩৫)।
এ ঘটনায় সোনামিয়া বাদী হয়ে থানায় মামলার দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা ভিখারুদ্দৌলা চৌধুরী বলেন, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে ডাকাতের উৎপাত বেড়ে গেছে। এ কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৩ ঘ.
bdnews24