২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ক্যাপ্টেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ

'ক্রস ফায়ারের' ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাদা স্ট্যাম্পে সই আদায় ও প্রহারের অভিযোগে র‌্যাব এর এক ক্যাপ্টেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ক্রস ফায়ারের' ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সাদা স্ট্যাম্পে সই আদায় ও প্রহারের অভিযোগে র‌্যাব এর এক ক্যাপ্টেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছে আদালত। অভিযুক্ত ক্যাপ্টেন র‌্যাব ৩ এ কর্মরত শফিকুল ইসলাম। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম একে এম এনামুল হক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ২০ জুলাই ক্যাপ্টেন শফিকুলের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন ৩৬, পাইওনিয়ার রোড কাকরাইলের মৃত যোগেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে বিমল চন্দ্র ঘোষ। মামলাটি দায়েরের পর আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল। মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার বিচার বিভাগীয় তদন্তে ৪ জনের সাক্ষ্য নেন। মামলার আরজিতে বলা হয়, বিমলের কাছ থেকে তার পারিবারিকভাবে পরিচিত ব্যাংক কর্মকর্তা দুলাল চন্দ্র লালা টাকা ধার নেন। এক সময় দুলাল টাকা ফেরত দিতে অস্বীকার করেন এবং বিভিন্ন লোককে দিয়ে তার প্রাণনাশের হুমকি দেন। এ অবস্থায় গত ৯ জুলাই র‌্যাব-৩ এর কয়েকজন সদস্য বিমলের অফিসে গিয়ে তাকে র‌্যাব কার্যালয়ে যেতে বলেন। বিমল ১২ জুলাই সেখানে গেলে র‌্যাব কর্মকর্তা শফিকুল কিছু কাগজপত্র দেখিয়ে বলেন, "আপনি দুলাল চন্দ্র লালার বিরুদ্ধে অভিযোগ করেছেন।" বিমল অভিযোগ করেছেন, এ বিষয়ে কিছু বলতে না পারলে স্ত্রী ও ছেলেমেয়ের সামনে তাকে দড়িতে ঝুলিয়ে পেটানো হয়। তিনি একসময় জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ টাকাও দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/এসকে/২২১৩ঘ.