কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ রেলওয়ে ঢাকা-রাজশাহী রুটে আগামী ২৩ নভেম্বর নতুন আন্তঃনগর ট্রেন চালু করছে।
রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিমাঞ্চল) এম এ ওয়াহাব মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।
তিনি বলেন, 'ধূমকেতু এক্সপ্রেস' নামের এই নতুন ট্রেন রাজশাহী স্টেশন থেকে রাত সোয়া ১১টায় ছেড়ে ভোর ৪টা ৫০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে। আর কমলাপুর থেকে ভোর ৫টা ৩৫ মিনিটে ছেড়ে রাজশাহী পৌঁছবে সকাল ১১টা ৫ মিনিটে। (বিস্তারিত)
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের আগেই আমরা ধূমকেতু এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত নিয়েছি। তবে এ ট্রেন সারা বছরই সপ্তাহে ছয়দিন চলাচল করবে।"
ট্রেনের চূড়ান্ত সময়সূচি অনুযায়ী, 'ধূমকেতু এক্সপ্রেস' রাজশাহী থেকে সোমবার এবং ঢাকা থেকে মঙ্গলবার যথাক্রমে ঢাকা ও রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে না।
ধূমকেতু এক্সপ্রেসসহ ঢাকা-রাজশাহী রুটে আন্তঃনগর ট্রেনের সংখ্যা দাঁড়াবে তিন। অপর দু'টি ট্রেন হলো 'সিল্ক সিটি' ও 'পদ্মা এক্সপ্রেস'। ট্রেন দুটি প্রতিদিন ৮শ' করে মোট ১৬শ' যাত্রী পরিবহনে সক্ষম।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা যাওয়ার পথে ধূমকেতু এক্সপ্রেস সাতটি স্টেশনে থামবে। এগুলো হচ্ছে- অব্দুলপুর (নাটোর), চাটমোহর (পাবনা), বড়াল ব্রিজ (পাবনা), সদানন্দপুর (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু সেতু (পশ্চিম), জয়দেবপুর (গাজীপুর) এবং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশন।
আর রাজশাহী যাওয়ার পথে ট্রেনটি উল্লেখিত স্টেশনগুলোতে থামা ছাড়াও রাজশাহীর অরনী স্টেশনে থামবে।
এম এ ওয়াহাব জানান, ধূমকেতু এক্সপ্রেসের ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ১৬৫ টাকা। ৭৯৮-আসনের এ ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ থাকবে, যাতে রয়েছে এসি বার্থ ও এসি চেয়ার। ধূমকেতু বিশেষ করে রাজশাহী, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের যাত্রীদের সেবা দেবে।
তিনি আরো বলেন, "প্রতিদিন রাজশাহী থেকে প্রায় ২ হাজার যাত্রী ঢাকা-রাজশাহী রুটে চলাচল করে থাকে। আমার মনে হয় ধূমকেতু যাত্রীদের মাঝে আগ্রহ সৃষ্টি করবে।"
এদিকে আগামী ২৩ নভেম্বর থেকে একই রুটের পদ্মা এক্সপ্রেস ট্রেন রাত পৌনে ১২টার পরিবর্তে রাত পৌনে ১১টায় ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে বলে রেলওয়ের অপারেটিং কর্মকর্তা ওয়াহাব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২১১৪ ঘ.
bdnews24