২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলন পণ্ডের পর দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি

চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন পণ্ডের পর মঙ্গলবার পৃথক কর্মসূচি দিয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 07:59 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর বিএনপি'র সম্মেলন পণ্ডের পর মঙ্গলবার পৃথক কর্মসূচি দিয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা। সম্মেলন পণ্ডের জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। বিকাল ৪টায় নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী নোমানের অনুসারীরা প্রতিবাদ সমাবেশ করবেন। অপরদিকে, মহানগর বিএনপি'র আহ্বায়ক আমীর খসরুর সমর্থকরা বিকালে বিভিন্ন থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। আমীর খসরু মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্মেলনে হামলার প্রতিবাদে ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করা হবে।" তিনি জানান, কাউন্সিল পণ্ড ঘটনাটি তিনি বুধবার ঢাকায় গিয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে বলবেন। এদিকে নোমান মঙ্গলবার সকালেই ঢাকায় রওনা হয়েছেন। তার সমর্থক বলে পরিচিত কোতোয়ালি থানা বিএনপি'র সভাপতি এম এ সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্মেলনে হামলা ও নোমান সাহেবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আমরা বিকালে সমাবেশের ডাক দিয়েছি।" ২০ বছর পর সোমবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপি'র সম্মেলনে খসরু ও নোমান সমর্থিত কর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর পণ্ড হয়ে যায়। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই ওই সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩৫০ ঘ.