ঢাকা নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ চাওয়ার অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তেজগাঁও অঞ্চলের উপ পুলিশ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগ পাওয়ার পর তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় উপ-পরিদর্শক হুমায়ুন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।"
হুমায়ুন কবির তেজগাঁও সিএসডি ফাড়ির ইনচার্জ হিসাবে দায়িত্বরত ছিলেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বলেন, "কিছুদিন আগে একজন সাংবাদিক মলমপার্টির শিকার হলে তিনি একটি মামলা করেন। হুমায়ুন কবির সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। ঘটনায় ব্যবহৃত সিএনজিটি আটক ও একজনকে গ্রেফতারও হয়।"
তিনি জানান, সিএনজি মালিক গাড়িটি থানা থেকে ছাড়িয়ে নিতে এলে, তাকে অন্যায় আশ্বাস দিয়ে হুমায়ুন কবির ঘুষ দাবি করেন। সিএনজি মালিক বিষয়টি পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষকে জানালে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলো। তাকে সাময়িক বরখাস্ত ও পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০১১৫ ঘ.
bdnews24