২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল ও ঝিনাইদহে বোমা হামলায় আহত ৩

যশোরের বেনাপোলে রোববার রাতে বোমা হামলায় যুবদলের এক নেতা আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলে রোববার রাতে বোমা হামলায় যুবদলের এক নেতা আহত হয়েছেন। আহত নাসিমুল গণি শার্শা উপজেলা যুবদলের সহ সভাপতি এবং বকুল এ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী । এদিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বোমা হামলায় আহত হয়েছেন দুই ব্যক্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি জানান, বেনাপোলের বড়আচড়া চেকপোস্টের কাছে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। বেনাপোল বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এমসআই) রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল বাজার থেকে নাসিমুল মোটর সাইকেলে করে সাদিপুর এলাকার বাড়িতে ফিরছিলেন। বড়আচড়া চেকপোষ্টের কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানোর পর ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ে। এতে তার বাম পা ঝলসে যায়। নাসিমুলকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেনাপোল বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) কামাল জানান, বোমা হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, উপজেলার গোপীনাথপুর গ্রামে রোববার দিবাগত রাত ১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদের বোমা হামলায় দুই গ্রামবাসী আহত হয়েছেন। আহতরা হলেন- রবিউল ইসলাম ও আব্দুল আজিজ। হরিণাকুণ্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপীনাথপুর গ্রামের ইদ্রিস আলী শুক্রবার ১৫ হাজার টাকায় তার একটি গরু বিক্রি করেন। রোববার রাতে ৮-১০ জন মুখোশ পড়া দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালায় এবং টাকা দেওযার জন্য চাপ দেয়। ইদ্রিস টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে মারধর করে। এসময় গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে দুই ব্যক্তি আহত হন। আহতদেরকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭০৬ ঘ.