২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরের দুই বছর

আজ ভয়াল ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 06:19 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজ ভয়াল ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহ আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের উপকূলীয় এলাকা। স্মরণকালের সবচেয়ে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়গুলোর একটি হিসেবে স্বীকৃত সিডরের তাণ্ডবে লাখ লাখ ঘরবাড়ি ধংসস্তূপে পরিণত হয়। এছাড়া ফসল, গবাদিপশু, বনজ ও অন্যান্য সম্পদের ক্ষতি হয় ব্যাপক। বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত ছিল কয়েকদিন। সিডরের ভয়াল ছোবলের দুঃসহ স্মৃতি দেশের দক্ষিণাঞ্চলের মানুষ আজো বয়ে বেড়াচ্ছে। সেদিন মৃত্যুবরণ করেছিল কয়েক হাজার মানুষ। আর বেঁচে যাওয়া সর্বস্ব হারানো অনেক উপকূলবাসী এখনো স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারেনি। সরকারি হিসাবে সিডরে তিন হাজার ৩২ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। মোট ১৫ লাখ ৭২ হাজার ৪৯৫টি পরিবারের ৬৬ লাখ ৬৯ হাজার ৪৫৬ জনকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়। চার লাখ ৬১ হাজার ৩৯৯ একর জমির ফসল সম্পূর্ণ এবং ১২ লাখ ২৫ হাজার ৩০৪ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সেদিন সন্ধ্যার পর ঝড়ের মহাবিপদ সঙ্কেত দেওয়ার পর থেকেই অনেকে ছুটতে থাকে আশ্রয় কেন্দ্রে। আগে থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাচ্ছিল। প্রশাসন থেকে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতির জন্য প্রচার চলতে থাকে। সচেতন মানুষরা আশ্রয় কেন্দ্রে গেলেও অনেকেই রয়ে যায় বাড়িতে। আগে শুরু হওয়া ঝড়ের সঙ্গে রাত সাড়ে ১০টার দিকে আঘাত করে জলোচ্ছ্বাস। মাত্র ১০ মিনিটের জলোচ্ছ্বাসে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরো এলাকার মানচিত্র যেন পরিবর্তন হয়ে যায়। চারদিকে শুধু ছিল ধ্বংসলীলার চিত্র। অগুণতি লাশের কবর দেওয়ার জায়গা পাওয়া যায়নি। এক একটি কবরে ২/৩ জনের লাশও দেওয়া হয়েছিল। সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বরগুনা আর পটুয়াখালী। বরগুনার মাঝেরচর এলাকার রুস্তুম আলী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সিডরে তার মা ও মেয়ে মারা গেছে। বেঁচে যাওয়া চারজনের পরিবার এখনো খোলা আকাশের নিচে বসবাস করছে। বর্তমানে ১০০ দিনের কর্মসূচিতে নাম লিখিয়ে প্রতিদিন ১০০ টাকা আয়ের মাধ্যমে সংসার চালাচ্ছেন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরখালী গ্রামের মিনারা বেগম দাতা সংস্থার সহায়তায় পাকা ঘরও পেয়েছেন। কিন্তু স্বামী আর দু'সন্তান হারানোর কষ্ট এখনও বয়ে বেড়াচ্ছেন। তার দিনের বেশিরভাগ সময় কাটে তাদের কবরের পাশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২১০০ঘ.