রাজশাহী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি হলে তল্লাশি চলছে।
শনিবার রাত ১১টায় মহানগর পুলিশের প্রায় তিন শ' পুলিশ হলগুলো তল্লাশি শুরু করে।
নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী ও শাহ মখদুম হলে তল্লাশি করা হচ্ছে।
সহকারী প্রক্টর মোসতাক আহমেদ জানান, ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টির পর শিবির হলে অস্ত্র মজুদ করছে বলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অভিযোগ করার পর এ অভিযান শুরু হয়।
শিক্ষার্থীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবাব আব্দুল লতিফ হল শাখার ছাত্রলীগ কর্মী সোহেল হলে ঢোকার সময় ফটকে ছাত্র শিবির কর্মী পারভেজ ও সানোয়ারসহ ২৫/৩০ জন তাকে হুমকি দেয়। একই সময় শিবিরের আরও ৩০/৪০ জন কর্মী ওই হলের সামনে মহড়া দেয়।
খবর শুনে ছাত্রলীগের নেতা-কর্মীরাও সেখানে জড়ো হলে উত্তেজনার সৃষ্টি হয়।
এ অবস্থায় রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসে। এরপরই আসে পুলিশ।
মহানগর উপকমিশনার সাজ্জাদুর রহমান, সর্দার নূরুল আমিন, সহকারী কমিশনার (এসি) এমকে জাহাঙ্গীর, আক্রামুল ইসলাম, মৃণাল কান্তি রায়, ফরিদা আক্তার-এর নেতৃত্বে পুলিশ ওই তিন হলে একযোগে তল্লাশি শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/০০১৫ ঘ.
bdnews24