২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। আরমান (১৪) নামের ওই শিশুটিকে হত্যায় জড়িত সন্দেহে পুলিশ বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে চারজনকে গ্রেপ্তারকৃতরা হয়। এরা হল আরমানের বন্ধু সুমন (১৩), বাদশা (১৯), রবীন (১০) ও ফারুক (১২)। এ ছাড়া তার আরো দুই বন্ধু বাবু (১০) ও আবু বকরকে (১২) গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের গুদামের পানির ট্যাঙ্ক থেকে পুলিশ আরমানের জবাই করা লাশ উদ্ধার করেছিল। গ্রেপ্তারদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, সোনারগাঁওয়ের কাঁচপুরের সেনবাগ এলাকার আব্দুর রউফের বাড়িতে ভাড়া থাকত সুমন, বাদশা, রবীন, ফারুক, বাবু ও আবু বকর। তারা কাগজ কুড়িয়ে বিক্রি করত। আব্দুর রউফের ছেলে আরমানের সঙ্গে তাদের বন্ধুত্ব হলে সেও তাদের সঙ্গে কাগজ কুড়িয়ে বিক্রি করে। কাগজ কুড়ানোর ২০ টাকা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ হলে ছয়জন মিলে আরমানকে জবাই করে। এ হত্যার ঘটনায় মঙ্গলবার একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। এখন ওটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। এদিকে একই উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর শুক্রবার সকালে আফরিন (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ জালকুড়ির উত্তরপাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান বলেন, গত সোমবার জালকুড়ি এলাকার রিকশাচালক আবদুল হাকিম মিয়ার মেয়ে আফরিন নিখোঁজ হয়। শিশুটিকে কেউ হত্যা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.