২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে তিন জেলায় ৪৬ দোকান পুড়ে গেছে

গাজীপুর, কুড়িগ্রাম ও গোপালগঞ্জে আগুনে ৪৬টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 01:54 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর, কুড়িগ্রাম ও গোপালগঞ্জে আগুনে ৪৬টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে শুক্রবার ভোররাতে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মার্কেটে আগুন লেগে ২১টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে পুড়ে গেছে ১৭টি দোকান। গোপালগঞ্জের বিজয়পাশা বাজারে আটটি দোকান পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর: কালিয়াকৈর বাজারের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন সাভার ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল। তিনি জানান, এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর প্রকৃত ক্ষয়ক্ষতি জানা যাবে। বাজারের টুম্পা স্টোর নামের দোকান মালিক নেপাল চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, ওই মার্কেটে ছয়টি মিষ্টির দোকান, পাঁচটি বেকারি, একটি বৈদ্যুতিক সামগ্রী, একটি সেলুন, দুটি মুদি, গাড়ির যন্ত্রাংশের দুটি এবং চারটি দায়ের দোকান পুড়ে গেছে। তিনি দাবি করেন, আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুড়িগ্রাম: শহরের জিয়া বাজারে আগুন লেগে ১৫টি দোকান পুরোপুরি এবং দুটি দোকান আংশিক পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে তিন ব্যবসায়ী আহত হয়েছেন। বাজারের আড়ত পট্টির একটি মসজিদ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন কুড়িগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহের আলী। তিনি জানান, দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিযন্ত্রণে আনে। আগুনে মসজিদ, দুটি হোটেল, একটি মাছের আড়ত, ১৩টি আলু, মরিচ, বেগুন ও কলার আড়ত পুড়ে গেছে। গোপালগঞ্জ: সদর উপজেলার বিজয়পাশা বাজারের একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কাউসার খান। আগুনে তার বীজ-সার এবং আরও সাতটি মুদি দোকান পুড়ে বলে তিনি জানান। ওই ব্যবসায়ী বলেন, গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৬ ঘ.