ঝিনাইদহ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভাড়া চালিত এক মোটরসাইকেল চালককে পিটিয়েছেন স্থানীয় পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার তমালতলা বাজার পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম শওকত আলী নামের এই মোটরসাইকেল চালককে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এই ঘটনার প্রতিবাদে তমালতলা বাজারের আশপাশের গ্রামের প্রায় দুই হাজার লোক পুলিশ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ করেন।
ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এএসআই সালামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী জিয়ারুল ইসলাম, চিত্তরঞ্জন ও তমালতলা বাজারের দোকানি দাউদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, এএসআই সালাম প্রায়ই ক্যাম্পের সামনে দিয়ে চলাচলকারী ভাড়ার মোটরসাইকেল আটকে রেখে নিজের কাজে ব্যবহার করেন।
শুক্রবার সকালে উপজেলার বাকোইসিদ্ধি গ্রামের শওকত আলীর কাছে তিনি মোটরসাইকেল চান। শওকত মোটরসাইকেল দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শওকতকে ক্যাম্পে নিয়ে পিটিয়ে জখম করে সংজ্ঞাহীন অবস্থায় বাইরে ফেলে রাখেন সালাম।
তারা জানান, একজন ভ্যানচালক শওকতকে তমালতলা বাজারে নিয়ে গেলে বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ক্যাম্প ঘেরাও করে রাখে। এ সময় তারা ক্যাম্পে ইট পাটকেল নিক্ষেপ করে।
খবর পেয়ে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার ও শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ওসি জানান, আহত শওকতকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২৬ ঘ.
bdnews24