২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ভারত সফরে ট্রানজিট চুক্তি চূড়ান্ত হবে

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ঢাকা ও নয়াদিল্লি পরস্পরের ট্রানজিট সুবিধা সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ঢাকা ও নয়াদিল্লি পরস্পরের ট্রানজিট সুবিধা সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তবে তিনদিনের সফরকালে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছতে পারবে কি না সেসম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী তিনদিনের ভারত সফরের জন্য ১৯ ডিসেম্বর ঢাকা ছাড়বেন। "সফরে ভুটান ও নেপালের সঙ্গে ট্রানজিট সুবিধা পেতে তিনি ভারতের সঙ্গে চুক্তি কার্যকর (অপারেশনালাইজ) করবেন।" দীপু মনি জানান, এছাড়া দুই দেশের মধ্যে বিদ্যমান ওয়াটার প্রটোকল এর আওতায় আশুগঞ্জকে একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ভারতকে ব্যবহার করতে দিতে চুক্তি 'কার্যকর' (অপারেশনালাইজ) করবে ঢাকা ও নয়াদিল্লি। তিনি বলেন, উচ্চ পর্যায়ে চুক্তি চূড়ান্ত হওয়ার পর বাংলাদেশী নাগরিকরা নেপাল ও ভুটান যেতে পারবেন। 'অপারেশনালাইজ' শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপারেশনালাইজেশন মানে নীতিগত বাঁধা দূর এবং অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।" তিনি জানান, ট্রানজিট চুক্তি কার্যকর করতে বাংলাদেশ ও ভারতের প্রয়োজনীয় কিছু প্রস্তুতি নেওয়া দরকার। "যেমন আমরা রাতারাতি আশুগঞ্জকে বন্দরে রূপ দিতে পারবো না। এজন্য রাস্তাগুলো আরো চওড়া হতে হবে ", বলেন পররাষ্ট্র সচিব। গত ৭ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরকালে ভারতীয় ভূখণ্ডের মধ্য দিয়ে ভুটান ও নেপালে যাওয়ার জন্য বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিতে রাজি হয় নয়াদিল্লি। বিনিময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একটি বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য ভারী সরঞ্জাম পরিবহনে নয়াদিল্লিকে আশুগঞ্জ ব্যবহার করতে দিতে রাজি হয় বাংলাদেশ। তবে বিদ্যমান ওয়াটার প্রটোকলের আওতায় সরকার আশুগঞ্জকে একটি বহুমুখী ট্রানজিট পয়েন্ট হিসেবে ভারতকে ব্যবহার করতে দেবে কি না তা পরিষ্কার করেননি দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভারত ১৯৭২ সালে স্বাক্ষরিত ওয়াটার প্রটোকলের ১১ ধারায় ট্রানজিট পেলে নয়াদিল্লি বাংলাদেশের সড়কপথে মালামাল পরিবহন করতে পারবে না। ২৩ ধারায় পেলে ভারতীয় জাহাজ থেকে খালাস মালামাল আশুগঞ্জ থেকে পরিবহন করতে পারবে ভারতীয় ট্রাক। সেপ্টেম্বরে দীপু মনি এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এমএম কৃষ্ণা তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে একটি টেকনিক্যাল টিম গঠনেও একমত হন। দীপু মনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো বলেন, "আমি মনে করি, তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য আমাদের সময় প্রয়োজন।" তিস্তা সেচ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প। অন্যদিকে, ভারত তার সেচ প্রকল্পের জন্য তিস্তার উজানে গজালডোবায় ব্যারেজ (বাঁধ) নির্মাণ করেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, শুকনো মৌসুমে ভারত পানি প্রত্যাহার করায় তিস্তা প্রায় শুকিয়ে যায়। তারা জানান, ধান উৎপাদনকারী রংপুর অঞ্চলে তিস্তা ব্যারেজের (প্রথম ধাপ) আওতায় রয়েছে সাড়ে সাত লাখ হেক্টর জমির সেচ প্রকল্প। কিন্তু তিস্তায় পানি সঙ্কট দেখা দেওয়ায় প্রায়শ বৃহত্তর রংপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার চাষাবাদ বিঘ্নিত হয় এবং সমস্যায় পড়ে বাংলাদেশের কৃষি। ভারত থেকে বাংলাদেশে ৫৪টি নদী প্রবেশ করলেও অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে দুই দেশের মধ্যে এ পর্যন্ত একটিমাত্র চুক্তি স্বাক্ষর হয়েছে। গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালে ওই চুক্তি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এইচএ/২২৪০ ঘ.