ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হরকাতুল জিহাদ (হুজি) নেতা আব্দুল মজিদকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা ইসলামী ডেমোক্রেটিক পার্টির (আইডিপি) চেয়ারম্যান মাওলানা শেখ আব্দুস সালামের তথ্যের ভিত্তিতে মজিদকে গ্রেপ্তার করা হয়।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজিরের পর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী মজিদকে পাঁচ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার মজিদকে ১০ দিন জিজ্ঞাসাবাদের আবেদন করে।
মজিদকে আলোচিত ওই গ্রেনেড হামলার একজন পরিকল্পনাকারী ও গ্রেনেড সরবরাহকারী উল্লেখ করে রিমান্ড আবেদনে বলা হয়, গত ৬ জানুয়ারি রাজধানীর উত্তরা থেকে অস্ত্রসহ মজিদকে গ্রেপ্তার করা হয়। মাওলানা আব্দুস সালাম জিজ্ঞাসাবাদে গ্রেনেড হামলার ঘটনায় মজিদের সম্পৃক্ততা সম্পর্কে তথ্য দিয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদে গ্রেনেড হামলার প্রকৃত রহস্য বের করা সম্ভব হবে।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন সৈয়দ রেজাউর রহমান, মোখলেছুর রহমান বাদল ও আবুল কালাম আজাদ।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত ও বহু আহত হন।
বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন এ মামলায় আসামি। অন্য মামলায় কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবরকে স
bdnews24