২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 06:59 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার ভোরে চৌকা এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষীরা গুলি চালায় বলে বিডিআর জানায়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি বিএসএফ নিয়ে গেছে। লাশ ফেরতে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে পশ্চিমবঙ্গের মালদা জেলার সুকদেবপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা সীমান্তের ৭৭ মেইন পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ীকে লক্ষ করে গুলি চালায়। গুলিতে ২ গরু ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত এবং অপর দুই জন আহত হন জানিয়ে বিডিআর কর্মকর্তা বলেন, হতাহতদের সবাইকে ভারতীয় ভূখণ্ডে নিয়ে গেছে বিএসএফ। তিন দিন আগে কুড়িগ্রাম সীমান্তে এক বাংলাদেশি কিশোরী বিএসএফের গুলিতে মারা যায়। ঢাকা তার কড়া প্রতিবাদ জানিয়েছে। এ বছর ঢাকায় বিডিআর-বিএসএফ সম্মেলনে সীমান্তে বেসামরিক হত্যা কমিয়ে আনতে দুই পক্ষ একমত হলেও এর পর বেশ কয়েকজন বাংলাদেশি ভারতের সীমান্ত রক্ষীদের গুলিতে প্রাণ হারালো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪২ ঘ.