জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচর্যসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জাবি'র নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক খানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ কাজের অগ্রগতি জানতে উপাচার্য অধ্যাপক ড. শরিফ এনামুল কবির প্রকৌশল, পরিকল্পনা ও উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক সভায় বসেন।"
সভায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম নেছারউদ্দিন চৌধুরীর সঙ্গে আবদুর রাজ্জাক খানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একই সময় রাজ্জাক খান উপাচার্যের সঙ্গেও অশোভন আচরণ করেন।
পরে নেছারউদ্দিন চৌধুরী উপাচার্যের কাছে রাজ্জাক খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। তার পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।
উপ-উপাচার্য আরো বলেন, এ ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিনকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মো. আবদুর রাজ্জাক খানের বাসায় ফোন করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
এর আগে গত সোমবার বিশ্ববিদ্যায়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মজিবুর রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক বাবু রহমানকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24