ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় স্থায়ী কমিটির বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি নেতা মির্জা আববাস উল্টো রেলওয়ের 'অধিগ্রহণ করা' তার পারিবারিক সম্পত্তি ফেরত চেয়েছেন।
রাজধানীর শাহজাহানপুরে যে বাড়িতে মির্জা আব্বাস থাকেন, ওই জমি রেলওয়ের দাবি করে তা ফেরতের প্রক্রিয়া চালানোর জন্য গত সোমবার যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে।
এর প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, "রেলওয়ের কোনো ভূমি বা সম্পত্তি আমাদের দখলে কখনোই ছিলো না, এখনো নেই।
"বরং রেলওয়ে বিভাগ তথা সরকারই আমাদের অনেক সম্পত্তি অধিগ্রহণ করেছে, যার মধ্যে যেটুক অব্যবহৃত আছে তার বাজার মূল্য এখন এক হাজার কোটি টাকারও বেশি। আমরা আমাদের ওই সাড়ে ৭ একর সম্পত্তি সরকারের কাছ থেকে ফেরত চাই।"
শাহজাহানপুরে বাসায় ওই সংবাদ সম্মেলনে মির্জা আব্বাসের মা কমলা খাতুন, চাচা মির্জা আবদুল হালিমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস অভিযোগ করেন, তাকে বসতভিটা থেকে উৎখাত করতে একজন বিশেষ ব্যক্তির প্ররোচনায় সংসদীয় কমিটি ওই সুপারিশ করেছে।
তবে ওই বিশেষ ব্যক্তির নাম জানাননি তিনি।
বংশাণুক্রমে শাহজাহানপুর এলাকায় বসবাসের কথা জানিয়ে লিখিত বক্তব্যে আব্বাস বলেন, "রেলওয়ের অফিসার্স কোয়ার্টার, টিঅ্যান্ড কলোনিসহ ওই এলাকার সড়ক নির্মাণের জন্য আমাদের ভূ-সম্পত্তি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের পর বর্তমানে তিন বিঘার এই বসতবাড়িটি ১৯৮৫ সালে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে অবমুক্ত করে।"
"১৯৮৫ সাল থেকে সরকারের ওই আদেশের বলে আমরা পুরোপুরি বৈধভাবেই এখানেই আছি", বলেন তিনি।
সাবেক মন্ত্রী আব্বাসের দাবি, তাকে সামাজিকভাবে হেয় ও মানসিকভাবে দুর্বল করার চক্রান্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ আনা হয়েছে।
তথ্য প্রমাণ ছাড়া বক্তব্য না দেওয়ার জন্য সংসদীয় কমিটির প্রতিও অনুরোধ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮২০ ঘ.
bdnews24