২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রচলিত আইনের মধ্যেই রয়েছে দুর্নীতির ভূত'

প্রচলিত আইনকানুনের মধ্যেই দুর্নীতির ভূত লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

পঞ্চগড়, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচলিত আইনকানুনের মধ্যেই দুর্নীতির ভূত লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান। তিনি বলেন, "এসব আইনকানুন এমন যাতে দুর্নীতি করার সুযোগ রয়েছে। দুর্নীতি প্রতিরোধে এসব আইন আগে সংশোধন হওয়া দরকার।" মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগগ্রহণ' শীর্ষক এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এই কথা বলেন। দুদক স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করছে বলে দাবি করেন গোলাম রহমান। তিনি বলেন, সুনির্দিষ্টভাবে অভিযোগ ও তথ্য প্রমাণ পেলে দুদক যে কারো বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছপা হবে না। দুর্নীতি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। জেলা প্রশাসক বনমালি ভৌমিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- দুদকের পরিচালক মোহাম্মদ হোসাইন খান ও মেজর শফিউল আযম, দিনাজপুর অঞ্চলের উপ পরিচালক মতিউর রহমান, পঞ্চগড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শাহারিয়ার রহমান প্রমুখ। এরপর দুদক চেয়ারম্যান জেলা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০৮ ঘ.