২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ ধর্মঘট প্রত্যাহার, সমস্যা সমাধানে কমিটি

দাবি অনুযায়ী নতুন বেতন কাঠামোর জন্য কমিটি গঠন এবং অন্য দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযান শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। (বিস্তারিত তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 05:48 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি অনুযায়ী নতুন বেতন কাঠামোর জন্য কমিটি গঠন এবং অন্য দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে নৌযান শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। সরকার ও মালিকসহ ত্রি-পক্ষীয় বৈঠকে শ্রমিকদের ওইসব আশ্বাস দেওয়া হয়। সোমবার দুপুরে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিক নেতাদের এক ত্রিপক্ষীয় বৈঠক শেষে নৌ পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। তারা জানান, সরকারের মধ্যস্থতায় শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সমঝোতার পরিপ্রেক্ষিতে নৌ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিব আব্দুল মান্নান হাওলাদার বলেন, "মালিক ও শ্রমিকদের দাবি দাওয়া পূরণ এবং শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সুপারিশের জন্য শ্রম অধিদপ্তরের পরিচালক লোকমান হাকিম তালুকদারের নেতৃত্বে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রম পরিদপ্তরের যুগ্ম-পরিচালক (প্রশাসন)।" কমিটিতে নৌ-যান মালিক ও শ্রমিক পক্ষের ছয়জন করে ১২ জন প্রতিনিধি থাকবেন। এছাড়া সমুদ্র পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একজন করে প্রতিনিধি থাকবেন। এ কমিটি আগামী দুমাসের মধ্যে সরকারের কাছে সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে। সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের কাছে দেওয়া শ্রমিকদের 'যৌক্তিক' দাবিগুলো বিবেচনা করা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী শ্রম পরিচালক নতুন মজুরি কাঠামো প্রকাশ করবেন। এছাড়া সামুদ্রিক মাছ শিকারী জাহাজের শ্রমিকদের জন্য ঘোষিত ন্যুনতম মজুরি বাস্তবায়ন এবং শ্রম আইন অনুযায়ী তাদের নিয়োগপত্র দেওয়ার বিষয়ে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। উভয়পক্ষ সমঝোতা স্মারক হিসেবে বৈঠকের কার্যবিবরণীতে স্বাক্ষর করেন। এতে সচিব আব্দুল মান্নান হাওলাদার, অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ, নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম ও শ্রম পরিচালক লোকমান হাকিম তালুকদার স্বাক্ষর করেন। পরে তারা সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন। আশিকুল আলম ত্রি-পক্ষীয় বৈঠকের ফলাফলে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, "ত্রিপক্ষীয় সমঝোতার পরিপ্রেক্ষিতে নৌ-ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এক্ষেত্রে কোনভাবে কারো প্ররোচিত হওয়ার কোন সুযোগ নেই। ধর্মঘট প্রত্যাহারের কারণে এখন থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন।" তিনি বলেন, চলতি বছরের জানুয়ারিতেই শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি। ফলে শ্রমিকদের আন্দোলনে যেতে হয়েছে। নৌ-পরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে দুই মাস আগেই এসব দাবি শ্রম পরিদপ্তরে জমা দেওয়া হয়েছে। কিন্তু মালিক কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া না পাওয়ায় এসব দাবি পূরণ করা সম্ভব হয়নি। মালিকদের নেতা মাহবুব উদ্দিন আহমেদ 'মানুষকে কষ্ট দেওয়ার জন্য' ডাকা শ্রমিক ধর্মঘটের সমালোচনা করে বলেন, "আলোচনার মাধ্যমেই যেখানে সমস্যার সমাধান করতে হলো, সেখানে মানুষকে কষ্ট দিয়ে কোন লাভ নেই। তাই আলোচনার মাধ্যমেই বিরাজমান সমস্যাগুলোর সমাধান করতে হবে।" শনিবার মধ্যরাত থেকে বেতন স্কেল ঘোষণাসহ ২২ দাবিতে দেশব্যাপী নৌযান ধর্মঘট শুরু করে। নৌ-যান শ্রমিকদের দাবির মধ্যে আরো রয়েছে নতুন বেতন কাঠামো, নিয়োগপত্র প্রদান, মেরিন আইনের সঠিক প্রয়োগ, মাস্টার চালকদের সার্টিফিকেট মেয়াদিকরণ ব্যবস্থা বাতিল, হয়রানি-নির্যাতন বন্ধ ও নৌ-পথে ডাকাতি রোধে কার্যকর পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া। ধর্মঘট শুরুর পর নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। এজন্য দাবি-দাওয়া নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে নৌ-সচিব আব্দুল মান্নান হাওলাদারের সঙ্গে একদফা বৈঠকে বসেন শ্রমিক ফেডারেশনের নেতারা। এরই ধারাবাহিকতায় সোমবারের ত্রি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/প্র্রতিনিধি/এলএইচ/এসএম/এফএফ/জিএনএ/এসকে/২৩৪১ঘ.