রাঙামাটি, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদিবাসী গৃহবধূকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে সোমবার সারাদিন রাঙামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
স্থানীয় লোকজন ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নামের একটি সংগঠনের নেতারা জানান, রোববার দুপুরে জেলার নানিয়াছড়ি উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের কৃষ্ণমাছড়া এলাকায় এক সেনা সদস্য ওই আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় গৃহবধূটি গোসল করছিলেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই ব্যক্তি পালিয়ে যান।
ইউপিএফ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতা শান্তি দেব চাকমা অবিলম্বে দোষী সেনা সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওই এলাকা থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
এদিকে, দুপুর ৩টায় রাঙামাটি সেনা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে ওই অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দল্লাহেল বাকী দাবি করেন, ঘটনাটি 'মিথ্যা'। তবে অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে সেনা আইনে অপরাধীর বিচার হবে বলে তিনি জানান।
সেনা কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়ার পর তারা এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ওই গৃহবধূর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তদন্ত ও অপরাধীকে সনাক্ত করতে সহযোগিতা চেয়েছেন তারা।
তিনি দাবি করেন, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার আগেই একটি স্থানীয় সংগঠন ও এর সহযোগীরা পরিস্থিতি 'ঘোলা' এবং 'নোংরা' রাজনীতি করার অপচেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24