২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাপসের ওপর হামলায় কোন সেনা কর্মকর্তা জড়িত থাকলে ব্যবস্থা: সাহারা

সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার ঘটনায় কোন সামরিক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাংসদ শেখ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার ঘটনায় কোন সামরিক কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার মন্ত্রণালয়ে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আঙ্কটাড) নির্বাহী পরিচালক মাইক স্মিথের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইপো তাপসের ওপর বোমা হামলার ঘটনায় সামরিক কর্মকর্তাদের সংশ্লিষ্টতার বিষয়ে সোমবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "এতে যেই জড়িত থাকুক, তাকে শাস্তি পেতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।" বিশৃঙ্খল ও বিপথগামী সামরিক কর্মকর্তাদের ১৯৭৫ সাল থেকেই এ ধরনের তৎপরতায় যুক্ত হওয়া শুরু হয়েছে অভিযোগ করে তিনি বলেন, "বঙ্গবন্ধু হত্যার মামলার রায় কার্যকর হলেই তারা আর এ ধরনের সাহস পাবে না।" গত ১৮ অক্টোবর মতিঝিলে ঢাকা-১২ আসনের সরকারদলীয় সাংসদ তাপসের গাড়িতে বোমা হামলা হয়। বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকরে সবার সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির জন্য বর্তমানে বিভাগে শুনানি শেষ পর্যায়ে রয়েছে। এতে আসামিপক্ষের যুক্তি-তর্ক শেষে এখন রাষ্ট্রপক্ষ বক্তব্য রাখছেন। রোববার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অভিযোগ করেন, উদ্ধার হওয়া অস্ত্র সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে সাহারা খাতুন জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, "তিনি (অর্থমন্ত্রী) যখন বলেছেন, তখন এমন কিছু ঘটলে তা তদন্ত করে দেখব। অবশ্যই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বর্তমানে ক্ষুদ্রাস্ত্রের ব্যবহার বেড়েছে কিনা জানতে চাইলে বিফ্রিং এর সময় উপস্থিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র এসেছে। ওই সরকারের জ্ঞাতসারে ১০ ট্রাক অস্ত্রসহ নানাবিধ অস্ত্র আনা হয়েছে। বর্তমান সরকার এসব অস্ত্র উদ্ধারে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে এবং তা নজরদারিতে রয়েছে।" এর সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসএইচ/১৬০০ ঘ.