২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীপথ এখনো অচল

মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট সোমবারও অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 06:43 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট সোমবারও অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, শনিবার মধ্যরাতে এ ধর্মঘটের ডাক দেওয়ার আগে ভোলা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ সোমবার সকাল সদরঘাটে পৌঁছেছে। নতুন বেতন স্কেলসহ ২২ দফা দাবিতে শনিবার মধ্যরাত থেকে ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। শ্রমিকদের দাবির মধ্যে আরো রয়েছে মেরিন আইনের সঠিক প্রয়োগ, মাস্টার চালকদের সার্টিফিকেট মেয়াদিকরণ ব্যবস্থা বাতিল, হয়রানি-নির্যাতন বন্ধ, নৌ-পথে ডাকাতি রোধ ইত্যাদি। দাবি-দাওয়া নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে নৌসচিব আব্দুল মান্নান হাওলাদারের সঙ্গে বৈঠকে বসেন ফেডারেশনের নেতারা। তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূূ হয়নি। আমাদের কর্মসূচি চলবে।" রোববার সরকারের পক্ষ থেকে আর্থিক বিষয়সহ শ্রমিকদের 'যৌক্তিক' দাবিগুলো পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য শ্রম অধিদপ্তরের পরিচালককে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরাও থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান। এদিকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, সরকার দু'পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছে এবং সোমবারের মধ্যেই ধর্মঘট প্রত্যাহার হতে পারে। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় কয়েকদিন আগে তারা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এফএফ/জিএনএ/১২৩৮ ঘ.