চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাকা লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে জেলার নাচোল উপজেলায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা করেছেন সহকর্মী শিক্ষক ও কর্মচারীরা।
রোববার সকালে উপজেলার সাহাপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মসিউর রহমান (৩৫)। তিনি সাহাপুর গ্রামের তসলিম উদ্দীনের ছেলে।
মসিউরের পরিবারের সদস্যরা ও নাচোল থানার ওসি মির্জা গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, বিদ্যালয়টিকে মাসিক সরকারি অনুদানের (এমপিও) আওতায় আনতে 'তদবিরের' জন্য দেওয়া টাকা নিয়ে সহকর্মীরা মসিউরকে তার কক্ষে আটকে মারধর করেন।
স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
মসিউরের স্ত্রী নার্গিস বেগম জানান, বার্ষিক পরীক্ষার প্রথম দিন থাকায় তার স্বামী সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যালয়ে যান। পরে সকাল ১১টার দিকে এক ব্যক্তি খবর দেন কয়েকজন শিক্ষক পিটিয়ে তাকে আহত করেছে।
নার্গিসসহ পরিবারের সদস্যরা জানান, আট বছর আগে স্থাপিত বিদ্যালয়টি এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছিল।
তারা দাবি করেন, এমপিও ভুক্তির জন্য শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে নেওয়া দেড় লাখ টাকা মসিউর শিক্ষা বিভাগের বিভিন্ন কার্যালয়ে 'তদবিরে' খরচ করেন। এরপরেও এমপিও ভুক্তির বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে।
টাকা লেনদেন নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে তারা জানান।
ওসি মির্জা গোলাম সারোয়ার জানান, শিক্ষক খাইরুল ইসলাম, ইয়াসিন আলী, নাসরিন ও অফিস সহকারী আব্দুস সালামকে আসামি করে মসিউরের স্ত্রী মামলা করেছেন।
তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তরা পলাতক রয়েছেন।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল হোসেন হাসপাতালে যান।
তিনি এই হত্যাকাণ্ডকে বর্বরতা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, "দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।"
নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, এই ঘটনায় ওই বিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.
bdnews24