ঝিনাইদহ, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ঝিনাইদহে রোববার ভোররাতে একব্যক্তি নিহত হয়েছে।
নিহত স্মরজিত ঘোষ (৪৫) চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার ডেফোলবাড়িয়া গ্রামে 'বন্দুক যুদ্ধে' স্মরজিত মারা যায়।
ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডেফোলবাড়িয়া গ্রামের খেজুর বাগানে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে রাত ২টার দিকে একদল পুলিশ সদস্য সেখানে অভিযানে যায়। ওই সময় চরমপন্থিরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।"
প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধের পর চরমন্থিরা পালিয়ে গেলে ঘটনাস্থলে স্মরজিতের লাশ পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা রেজাউল জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি বন্দুক, ৪ রাউন্ড গুলি ও দুটি হাতবোমা পাওয়া গেছে।
স্মরজিতের বাড়ি ডেফোলবাড়িয়া গ্রামে। তার বিরুদ্ধে ঝিনাইদহে হত্যার অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে পুলিশ সুপার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪৫ ঘ.
bdnews24