ঢাকা, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---চলচ্চিত্রে অশ্লীলতা ও ভিডিও পাইরেসি রোধে সারাদেশে র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
আবুল কালাম আজাদ বলেন, চলচ্চিত্রে অশ্লীলতা ও ভিডিও পাইরেসি প্রতিরোধে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে সারাদেশে র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারি করছে।
ইতোমধ্যে রংপুর সদর উপজেলার 'বিডিআর অডিটরিয়াম' ও সিরাজগঞ্জের উল্লাপাড়াস্থ 'কাবেরী' ও বেলকুচিস্থ 'সাগরিকা' সিনেমা হলের লাইসেন্স বাতিল ও ছবি প্রদর্শন নিষিদ্ধ করাসহ আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জোবেদা খাতুনের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে ৭৪২টি সিনেমা হল চালু রয়েছে। অশ্লীলতা ও পাইরেসি রোধে কার্যকর ব্যবস্থা নিতে ২০০৭ সালে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
খুলনা-৪ আসনের সাংসদ মোল্যা জালাল উদ্দিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে দুইটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র এবং ১৪টি রিলে স্টেশন রয়েছে।
সাংসদ সাধনা হালদারের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তথ্য অধিকার আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নে 'তথ্য অধিকার বিধিমালা প্রণয়নের' কাজ শেষ হয়েছে এবং তা গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে। আইনটি বর্তমানে বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। তথ্য প্রদানে গড়িমসির বিষয়ে কোনও অভিযোগ এখনও পাওয়া যায় নি বলে তিনি জানান।
সাংসদ তারানা হালিমের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকদের নির্যাতন ও হয়রানির অভিযোগ সংক্রান্ত কোনও আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেলে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
অপু উকিলের লিখিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, চলচ্চিত্র শিল্পের হারানো গৌরব পুনরুদ্ধারে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে একটি ফিল্ম ইন্সটিটিউট প্রতিষ্ঠার চিন্তাভাবনা করছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/আরএআর/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24