২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডারবাজি-চাঁদাবাজিতে জড়িত হলে সাংসদদেরও রেহাই নেই: হাসিনা

সন্ত্রাসী কর্মকান্ড, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে দলীয় কোনো সাংসদের সম্পৃক্ততা থাকলেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী কর্মকান্ড, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে দলীয় কোনো সাংসদের সম্পৃক্ততা থাকলেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। সংসদের তৃতীয় অধিবেশন শেষে শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকার দলীয় সভাকক্ষে আওয়ামী লীগ সংসদীয় দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। সৈয়দ আশরাফ বলেন, "কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে দলীয় এমপি'রাও জড়িত থাকলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।" সংসদীয় দলের বৈঠকে আওয়ামী লীগের সাংসদদের নিজ নিজ এলাকায় দলীয় কর্মকান্ডে আরো সম্পৃক্ত হওয়ার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, কোনো সাংসদ দলীয় কর্মকান্ডে বিশৃঙ্খলার সৃষ্টি করলে বা দলাদলি করলে তা বরদাশত করা হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বৈঠকে দলের সদস্য সংগ্রহ অভিযানের বিষয়েও আলোচনা হয়েছে। সদস্য সংগ্রহ ফরম ছাপা শেষ হলেই এই অভিযান শুরু হবে। সদস্য সংগ্রহ অভিযান চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে শুরু হবে। তিনি বলেন, "আমরা চাই তিন বছরের মধ্যেই আরেকটা সম্মেলন করতে। এজন্য দু'তিন মাসের মধ্যে সদস্য সংগ্রহ অভিযান শেষে আমরা জেলা-উপজেলা থেকে শুরু করে সব পর্যায়ে সম্মেলন শেষ করতে চাই। যাতে তিন বছরের মধ্যে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এইচএ/২৩২০ ঘ.