ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আরো ১০ বিডিআর সদস্য জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তারা জবানবন্দি প্রত্যাহারের আবেদন করলে মহানগর হাকিম মোহাম্মদ মুমিনুল হাসান আবেদনগুলো নথিতে রাখার আদেশ দেন।
এরা হলেন- হলেন সিপাহী রায়হান ইসরাম, সিপাহী আ. রহমান, সিপাহী হারুন মিয়া, ল্যান্স নায়েক মোফাজ্জেল হোসেন, সার্জেন্ট আব্দুল আখের, সিপাহী শফিকুল ইসলাম, সিপাহী আব্দুল হাকিম, সিপাহী মো. মঞ্জুর এলাহী, সিপাহী রেজাউল করিম ও সিপাহী আব্দুর রাজ্জাক।
এ নিয়ে ৩৫ বিডিআর সদস্য তাদের জবানবন্দি প্রত্যহারের আবেদন করেন বলে জানিয়েছেন পুলিশের জেনারেল রেকর্ডিং অফিসার রতন শেখ।
জবানবন্দি প্রত্যাহারের আবেদনে বিডিআর সদস্যরা অভিযোগ করেন যে তাদের রিমান্ডে নিয়ে অমানুষিক শারিরীক ও মানসিক নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেছে তদন্ত সংস্থা সিআইডি। আর কয়েকজন তাদের আবেদনে উল্লেখ করেন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাদের স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।
এই মামলায় এ পর্যন্ত ৫শ ৯০ জন স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24