২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসু আবারও চারদিনের রিমান্ডে

চাঁদপুরের হাইমচর উপজেলায় অজ্ঞাতনামা এক নারী হত্যা মামলায় আলোচিত খুনী রসু খাঁকে আবারও চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অনুমতি দিয়েছে আদালত। এ নিয়ে তাকে ছয় দফায় ২০ দিন হেফাজতে নেওয়া হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 12:12 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

চাঁদপুর, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলায় অজ্ঞাতনামা এক নারী হত্যা মামলায় আলোচিত খুনী রসু খাঁকে আবারও চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অনুমতি দিয়েছে আদালত। এ নিয়ে তাকে ছয় দফায় ২০ দিন হেফাজতে নেওয়া হল। রসুকে সাতদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার চাঁদপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. মোজাম্মেল হকের আদালতে আবেদন করে সিআইডি। আদালত চারদিনের অনুমতি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক (এসআই) মো. জামিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তারের পর গত ১১ অক্টোবর রসু ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে দেড় বছর আগে হাইমচর উপজেলার চৌধুরী হাট এলাকায় ধর্ষণের পর ওই নারীকে খালে ডুবিয়ে হত্যা করার কথা স্বীকার করেন রসু। ওই নারীর নাম না বললেও তার বাড়ি গাজীপুরের জয়দেবপুর কলেজ সংলগ্ন পুকুর পাড়ে বলে রসু জানিয়েছেন। জবানবন্দিতে রসু আরও জানিয়েছেন, মেয়েটি চাকরির খোঁজে টঙ্গী এলাকায় গেলে তার সঙ্গে পরিচয় হয়। সে সূত্রে রসু মেয়েটিকে চাকরির প্রলোভন দেখিয়ে চাঁদপুরের হাইমচরে এনে হত্যা করেন। গত ২০ অক্টোবর হেফাজতে থাকা অবস্থায় রসুকে নিয়ে পুলিশ হাইমচরে গেলে তিনি হত্যাকাণ্ডের স্থানটি দেখান। এসআই জামিরুল জানান, গত বছরের ৬ ডিসেম্বর হাইমচর থানা পুলিশ অজ্ঞাতনামা এক নারীর লাশ ওই স্থান থেকে উদ্ধার করে। পরিচয় না পেয়ে ওই ঘটনায় করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। কিন্তু আদালত সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দেয়। গ্রেপ্তার হওয়ার পর রসুকে সেই মামলায় আসামি দেখানো হয়। শনিবার রসুকে মাশরুফা মেহেদী খাতুন হত্যা মামলায় দুদিন জিজ্ঞাসাবাদেন জন্য হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। রসুকে গত ৭ অক্টোবর টঙ্গীর মিরাশপাড়া থেকে ফ্যান চুরির মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৭৩৪ ঘ.