২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এখন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। বুুধবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশ বিশ্বাস করে শিক্ষাই উন্নতি ও অগ্রগতির চাবিকাঠি। গণতন্ত্র ফিরে আসায় শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ।" শিক্ষার প্রসারের মাধ্যমে দেশ থেকে সন্ত্রাস দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব মোকাবেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। ইসলামী উন্নয়ন সংস্থার (ওআইসি) মহাসচিব ও আইইউটির আচার্য একমেলেদ্দিন ইহসানোগলুকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করেন। একমেলেদ্দিন তার ভাষণে তাকে আইইউটির সম্মানজনক ডক্টরেট সার্টিফিকেট হস্তান্তরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে একমেলেদিনের হাতে ওই ডিগ্রীর সনদ তুলে দেন। মুসলিম উম্মাহর বর্তমান প্রজন্মকে অমূল্য প্রযুক্তিগত শিক্ষার সুযোগ দিয়ে আইইউটি ওআইসি পরিবারের অন্যতম সদস্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ওআইসি মহাসচিব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউটির উপাচার্য অধ্যাপক ইমতিয়াজ হোসেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংসদ রহমত আলী, আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল ও মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওআইসি মহাসচিব গত মঙ্গলবার তিনদিনের সফরে ঢাকা এসেছেন। ওইদিনই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সফরকালে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ওআইসি'স ভিশন মিটিং দ্য চ্যালেঞ্জেস ফর দ্য টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি' এর ওপর বক্তব্য রাখার কথা রয়েছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশী চার কৃতী ছাত্রকে ওআইসি এবং আইইউটি'র স্বর্ণপদক ও সনদ দেন। এতে বাংলাদেশের ১৫৭ জনসহ মোট ২১৫ জন শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মির্জা মো. রেজাউল ইসলাম। গাজীপুর সদরের বোর্ড বাজারে ১৯৮১ সালের ২৭ মার্চ ওআইসির সাহায্যপুষ্ট এ প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তখন এর নাম ছিল ইসলামিক সেন্টার ফর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং রিসার্চ (আইসিটিভিটিআর)। পরে ১৯৯৪ সালে ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) এবং সর্বশেষ ২০০০ সালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) নাম করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসএইচ/১৫৪৯ ঘ.