২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া বিএনপি'র চরিত্র: প্রধানমন্ত্রী

প্রধান বিরোধী দল বিএনপি'র বিরুদ্ধে যুদ্ধাপরাধী ও জঙ্গিসহ 'খুনীদের' মদদ দেওয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়াই তাদের চরিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি'র বিরুদ্ধে যুদ্ধাপরাধী ও জঙ্গিসহ 'খুনীদের' মদদ দেওয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়াই তাদের চরিত্র। জেলহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "খুনীদের লালন-পালন করা, আশ্রয়-প্রশ্রয় দেওয়া ও উৎসাহী করা, যুদ্ধাপরাধীদের পুনর্বাসন, জঙ্গীদের মদদ দেওয়া এবং দেশকে সংঘাতের দিকে নিয়ে যাওয়াই বিএনপি'র চরিত্র।" বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার ঠেকাতেই জিয়াউর রহমান ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন এ অভিযোগ করে শেখ হাসিনা বলেন, "...খুনীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে জিয়া পুরস্কৃত করেছিলো। তার স্ত্রী (খালেদা জিয়া) এসে আরেক ধাপ এগিয়ে যায়। তিনি বঙ্গবন্ধু খুনীদের সাংসদ বানিয়েছিলেন। পাশাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে পুনর্বহাল করে সব ভাতা দেওয়া হয়েছে। জেলহত্যা মামলার রায়ের আগে এ মামলার আসামিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রমোশন দেওয়া হয়েছিল।" প্রধানমন্ত্রী তার বক্তৃতায় জেলহত্যা মামলা পুনর্বিচারেরও ঘোষণা দেন। তিনি বলেন, "জেলহত্যার পুনর্বিচার এই বাংলার মাটিতেই হবে।" আওয়ামী লীগের সমর্থক ও স্বাধীনতার স্বপক্ষের শক্তিসহ দেশের সর্বস্তরের মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, "যখন বঙ্গবন্ধু হত্যা মামলা শেষ পর্যায়ে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হবে, জেলহত্যা মামলার পুনর্বিচার হবে, সে মুহূর্তে ষড়যন্ত্রকারীরা বসে থাকবে না।" জনগণের আকাক্সক্ষা পূরণে সংঘাতের রাজনীতি পরিহারেরও আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, "জনগণের আকাক্সক্ষা পূরণ করতে হবে। কোনো সন্ত্রাসী ও জঙ্গির স্থান বাংলাদেশে হবে না। দক্ষিণ এশিয়ায় শান্তির প্রতীক হবে বাংলাদেশ।" ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে রিমান্ডে নেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "যারা রিমান্ডের সমালোচনা করছেন, তারা আয়নায় নিজেদের চেহারা দেখে কিনা? কী অপকর্ম তারা করেছিলো।" ২০০১ এর নির্বাচনের পর দেশব্যাপী আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের ঘটনাও তুলে ধরেন তিনি। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী 'সুশীল সমাজকে সুশীল মনোভাব নিয়ে' সরকারের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, "বাংলাদেশে যত রাজনৈতিক অপকর্ম ঘটেছে তার মহানায়ক জিয়াউর রহমান। সে বঙ্গবন্ধু ও জেলহত্যা মামলার বিচার করেনি।" ২১ আগস্টের হত্যাকাণ্ডের বিচার করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, "চার নেতা জীবন দিয়েছেন, কিন্তু তারা আত্মসমর্পণ করেননি। আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার পিতা মনসুর আলী। আমি আমার পিতার মরদেহ দেখতে পারিনি।" চার নেতার এক নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম 'মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করা এক প্রবাসী সাংবাদিকের' সমালোচনা করে বলেন," তিনি ৭১'র মতো বিভেদ সৃষ্টি করতে চেয়েছেন। তিনি লিখেছেন- জেলখানায় তাজউদ্দিন আহমেদকে হত্যা করার পরিকল্পনা ছিল। সেখানে বাকি তিনজন ছিলেন বলেই তাদেরকেও হত্যা করা হয়। এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।" আশরাফ আরো বলেন, "আমি এই ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা জানাই। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। ৭১'র ঘাতক, ৭৫'র ঘাতক, যুদ্ধাপরাধী এবং কিছু কিছু ব্যক্তি না পাওয়ার বেদনায় ষড়যন্ত্র করছেন।" আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি, সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মেজবাহ উদ্দিন সিরাজ, আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং আইন প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বক্তৃতা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসকে/২১৪৭ঘ.