ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প উদ্যোক্তাদের আশ্বাস দিয়ে বলেছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও বিদ্যুতের সঙ্কট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানীর হোটেল শেরাটনে সোমবার বাংলাদেশ নিটওয়ার প্রস্তুতকারক ও রপ্তানীকারক সমিতি (বিকেএমইএ) আয়োজিত 'নিট এক্সপোজিশন,২০০৯'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী এসময় সরকারের আগামী ২০১৩ সালের মধ্যে চার হাজার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ এবং সড়ক, রেল ও নৌ যোগাযোগ উন্নয়নে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
শেখ হাসিনা শেরাটনের উইন্টার গার্ডেনে ফিতা কেটে পঞ্চম নিটওয়ার এক্সপোজিশনের উদ্বোধন করেন।
প্রদর্শনীতে মোট ৬৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে দুটি বিদেশী। এছাড়াও ইতোমধ্যেই ১৫৩ জন বিদেশী প্রতিনিধি তাদের নাম তালিকাভুক্ত করেছে।
বিশেষ করে শিল্পক্ষেত্রে গ্যাসের অভাবের কারণে অন্যান্য খাতের মতো তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যেও হতাশা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, "১০ মাস আগে যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন দেশে বিদ্যুতের অবস্থা অত্যন্ত নাজুক ছিল। কারণ বিএনপি-জামাত জোট সরকারের পাঁচ বছরের শাসনামলে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করতে পারেনি।"
শেখ হাসিনা অভিযোগের সুরে বলেন, "এর আগে যখন সরকারে ছিলাম, তখন শুনেছি 'দেশ গ্যাসের ওপর ভাসছে'। কিন্তু এবার ক্ষমতায় এসে দেখি দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে।"
বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ইতোমধ্যে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী ২০১৩ সালের মধ্যে চার হাজার ১১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ভাড়ায় চালিত কেন্দ্রের মাধ্যমে ৫৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ইতোমধ্যেই দরপত্র আহ্বান করার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, এছাড়াও সরকারের এক মহাপরিকল্পনার আওতায় সরকারি খাতে দুই হাজার ৮১০ মেগাওয়াট এবং বেসরকারি খাতে এক হাজার ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।
শিল্পখাতের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদিত পণ্যের পরিবহন ব্যবস্থা সহজতর করতে সরকার সড়ক, রেল ও নৌ-পথের উন্নয়নে কর্মসূচি হাতে নিয়েছে। খননের মাধ্যমে নদীপথের নাব্যতা বাড়ানোর মাধ্যমে এগুলোকে সচল করা হচ্ছে।
শেখ হাসিনা গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 'এলিভেটেড এক্সপ্রেসওয়ে' নির্মাণ এবং ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ আধুনিক করার উদ্যোগের কথা জানান। তিনি আশা প্রকাশ করেন এর ফলে যানজট নিরসনসহ যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে যা শিল্প বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৩০ঘ.
bdnews24