২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে ঘণ্টায় ৬ শিশু মারা যায় নিউমোনিয়ায়'

দেশে প্রতি ঘণ্টায় ছয়জন শিশু নিউমোনিয়ায় মারা যায় বলে জানিয়েছেন জাতীয় অধ্যাপক এমআর খান। রোববার স্থানীয় একটি হোটেলে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এটি এখন আর কোন মারাত্মক কোনও রোগ নয় মন্তব্য করে তিনি বলেন, "এ রোগ সহজে আরোগ্য সমাধান যোগ্য।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রতি ঘণ্টায় ছয়জন শিশু নিউমোনিয়ায় মারা যায় বলে জানিয়েছেন জাতীয় অধ্যাপক এমআর খান। রোববার স্থানীয় একটি হোটেলে বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এটি এখন আর কোন মারাত্মক কোনও রোগ নয় মন্তব্য করে তিনি বলেন, "এ রোগ সহজে আরোগ্য সমাধান যোগ্য।" 'ফাইট নিউমোনিয়া, সেভ এ চাইল্ড' শ্লোগানে সোমবার প্রথমবারের মতো পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। এম আর খান বলেন, "নিউমোনিয়া এখন সেরে যায়। পোলিও, হাম, ধনুষ্টংকারসহ অনেক ভয়াবহ রোগকে বিদায় করা প্রক্রিয়া চলছে। এখন দ্বিধাহীনভাবে বলতে পারি, নিউকোকক্কাল ভ্যাকসিনের মাধ্যমে একদিন দেশ থেকে নিউমোনিয়াকে বিদায় দিতে পারবো।" ঢাকা শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের (সিএইচআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক সমীর কে সাহা জানান, নিউমোনিয়া রোগে আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। দেশে প্রতিবছর প্রায় ৬০ লাখ লোক নিউমোনিয়া আক্রান্ত হয়। এর মধ্যে পাঁচ বছরের নিচের বয়সী কমপক্ষে ৫০ হাজার শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর বিশ্বে ২০ লাখ শিশুর মৃত্যু হয় নিউমোনিয়ার কারণে। এ সংখ্যা অন্যান্য রোগ হাম, ম্যালেরিয়া ও এইডস-এর কারণে মৃত্যুর চেয়েও বেশি। রুহুল আমিন বলেন, "নিউমোনিয়া থেকে রক্ষা পেতে শিশুদের ছয়মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর থেকে দুই বছর পর্যন্ত ডাল-মাছ-ভাত তথা বড়দের খাবার নরম করে খাওয়াতে হবে। পাশাপাশি বুকের দুধও দিতে হবে।" বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে নিউকোকক্কাল অ্যাওয়ারনেস কাউন্সিল এক্সপার্টস (পিএসিই) ও বাংলাদেশ চাইল্ড হেল্থ রিচার্স ফাউন্ডেশন সোমবার পদযাত্রা, বিজ্ঞানভিত্তিক আলোচনা সভা ও গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২১৩৫ ঘ.